নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 103 বার পঠিত
এনভয় টেক্সটাইলসের ৩০তম বার্ষিক সাধারণ সভা বা এজিএম গতকাল শনিবার ঢাকার গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এজিএমে গত ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, নিরীক্ষক ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুমোদন করা হয়। পাশাপাশি পরিচালনা পর্ষদের পক্ষ থেকে গত অর্থবছরের জন্য ঘোষিত ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভাটি পরিচালনা করেন কোম্পানি সচিব এম সাইফুল ইসলাম চৌধুরী। সভায় কোম্পানির অন্য পরিচালকদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারধারী, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ নিরীক্ষকেরা উপস্থিত ছিলেন।
সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ জানান, গত অর্থবছরে এনভয় টেক্সটাইলস আগের অর্থবছরের তুলনায় দ্বিগুণের বেশি মুনাফা করেছে। গত অর্থবছর শেষে নিট মুনাফা বেড়ে প্রায় ১৪১ কোটি টাকায় উন্নীত হয়েছে, যা কোম্পানির এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ।
সভায় পরিচালনা পর্ষদের সুপারিশে সুমাইয়া আহমেদ, সুনীল দৌলাত্রাম দারিয়ানানী ও মো. মঈন উদ্দিনকে পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়। পাশাপাশি স্বতন্ত্র পরিচালক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক তানজিনা হকের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। সভা শেষে চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ শেয়ারধারীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Posted ৯:২২ অপরাহ্ণ | রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy