সোমবার ১৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

এসেনশিয়াল ড্রাগসের এমডি মৃধার বিদেশ যাত্রা ঠেকাতে দুদকের আবেদন

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬   প্রিন্ট   ৩০১ বার পঠিত

এসেনশিয়াল ড্রাগসের এমডি মৃধার বিদেশ যাত্রা ঠেকাতে দুদকের আবেদন

রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ উৎপাদন প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. সামাদ মৃধার বিদেশে যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য আদালতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক-এর জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, চলমান অনুসন্ধানের স্বার্থে তাঁর বিদেশ গমন সীমিত করা প্রয়োজন।

দুদকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রতিষ্ঠানটির বিভিন্ন ক্রয় কার্যক্রমে বড় অঙ্কের অনিয়ম, টেন্ডার কারসাজি, অর্থ আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কমিশন প্রাথমিকভাবে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে।

দুদকের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, এসেনশিয়াল ড্রাগসের কিছু গুরুত্বপূর্ণ কাঁচামাল ক্রয়ের ক্ষেত্রে পরিকল্পিতভাবে টেন্ডার প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে একটি হরমোনাল ওষুধের কাঁচামাল সংগ্রহের নামে সাজানো দরপত্র আহ্বান, নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে কৃত্রিম প্রতিযোগিতা সৃষ্টি এবং স্বজনপ্রীতির মাধ্যমে ক্রয়াদেশ দেওয়ার অভিযোগ উঠে এসেছে। অনুসন্ধানে আরও বলা হয়েছে, এসব প্রক্রিয়ায় কমিশন বাণিজ্য ও আর্থিক জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগার থেকে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করা হতে পারে। একই সঙ্গে দুটি বিদেশি নামসর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ বিদেশে স্থানান্তরের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

এই অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে দুদক একটি অনুসন্ধান টিম গঠন করেছে। একজন সহকারী পরিচালককে দলনেতা করে গঠিত এই টিমে আরও একজন উপসহকারী পরিচালক অন্তর্ভুক্ত রয়েছেন। টিমটি সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা, আর্থিক লেনদেন বিশ্লেষণ এবং প্রয়োজনীয় ব্যক্তিদের বক্তব্য গ্রহণের কাজ করবে।

দুদকের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, বিদেশ গমনে নিষেধাজ্ঞা সংক্রান্ত আবেদনের বিষয়ে শিগগিরই আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুনানির ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী আইনি পদক্ষেপ নির্ধারণ করা হবে। দুদক জানিয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে যেকোনো অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হবে।

এ বিষয়ে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. সামাদ মৃধার সঙ্গে কথা বলার জন্য কয়েকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। পরে তার মোবাইলে ক্ষুদে বার্তা পাঠানো হলেও তার কোন উত্তর মেলেনি। কোম্পানি সচিব মোজাহিদুলকে ফোন করলে তিনি বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করেছি, তাই বিস্তারিত কিছু বলতে পারবো না। শুধু দেখেছি দুদকের লোক এসেছে, তাছাড়া কিছু জানি না।’

এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের মধ্যে সিন্ডিকেট রয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রতিবেদক ওয়েবসাইট থেকে ফোন নাম্বার সংগ্রহ করে কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে কোম্পানির ওয়েবসাইটটিই ডাউন করে রাখা হয় যেন কেউ ওয়েবসাইটে ঢুকতে না পারে এবং ওখান থেকে তথ্য নিতে পারে যা স্পষ্টতই আইনের লঙ্ঘন। এ বিষয়েও কোম্পানি সচিব কোন সদুত্তর দিতে পারেননি। ব্যবস্থাপনা পরিচালক নিজে তো ফোন ধরেনই নি এবং তার পিএস বা এপিএস কেউই সাংবাদিকের সঙ্গে কথা বলতে চাননি যা থেকে বুঝা যায় কোম্পানির অভ্যন্তরেই এমডি’র দুর্নীতির সিন্ডিকেট খুব সক্রিয়।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted` ৭:৪৮ অপরাহ্ণ | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

প্রধান সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com