নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 162 বার পঠিত

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের লাগাম টানতে ঋণখেলাপিদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)। বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠানো এক প্রস্তাবে সংগঠনটি ঋণখেলাপিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা, নাম ও ছবি প্রকাশ এবং বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে।
এবিবির মতে, দীর্ঘদিন ধরে খেলাপি ঋণ ব্যাংক খাতের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে বড় অঙ্কের ঋণ অনাদায়ী থাকলেও সংশ্লিষ্ট ঋণগ্রহীতারা স্বাভাবিক জীবনযাপন করছেন, এমনকি বিদেশে যাতায়াতও করছেন। এতে নিয়মিত ঋণ পরিশোধকারীদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে এবং ব্যাংকিং শৃঙ্খলা দুর্বল হয়ে পড়ছে। প্রস্তাবে বলা হয়েছে, যেসব ঋণগ্রহীতা দীর্ঘদিন ধরে ইচ্ছাকৃতভাবে ঋণ পরিশোধ করছেন না, তাদের আদালতের অনুমতি ছাড়া বিদেশে যাওয়া বন্ধ করা যেতে পারে। একই সঙ্গে জনস্বার্থে ও আর্থিক শৃঙ্খলা ফেরাতে বড় ঋণখেলাপিদের নাম ও ছবি প্রকাশের সুযোগ রাখার বিষয়টি বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া ঋণখেলাপিরা যেন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান কিংবা ব্যবসায়ী সংগঠনের নির্বাচন বা পরিচালনা পর্ষদে অংশ নিতে না পারেন, সে বিষয়েও সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে করে খেলাপি সংস্কৃতি নিরুৎসাহিত হবে বলে মনে করছেন ব্যাংকাররা। প্রস্তাবে আরও উল্লেখ করা হয়, খেলাপি ঋণ আদায়ে বন্ধকী সম্পদ নিলামের প্রক্রিয়া সহজ ও কার্যকর করা জরুরি। নিলাম প্রক্রিয়ায় কর ও অন্যান্য ব্যয় কমানো গেলে ব্যাংকগুলো দ্রুত অর্থ উদ্ধার করতে পারবে। একই সঙ্গে ঋণ সংক্রান্ত আইনি প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তির ওপর জোর দেওয়া হয়েছে।
ব্যাংকারদের মতে, খেলাপি ঋণ কমাতে শুধু নীতি নয়, বাস্তব প্রয়োগ নিশ্চিত করা জরুরি। প্রস্তাবিত পদক্ষেপগুলো বাস্তবায়ন হলে ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরবে, আমানতকারীদের আস্থা বাড়বে এবং সামগ্রিকভাবে আর্থিক খাত আরও শক্তিশালী হবে।
Posted ৭:৫৮ অপরাহ্ণ | বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
bankbimaarthonity.com | rina sristy


