নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 84 বার পঠিত
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক ও পরিবেশবান্ধব করার জন্য ডিএসসিসি ও কোরিয়ান কোম্পানি B & F Company Limited এর মধ্যে পাইলট প্রকল্প বাস্তবায়নের চুক্তি আজ নগর ভবন অডিটোরিয়ামে স্বাক্ষরিত হয়েছে। ডিএসসিসি প্রশাসক মো. মাহমুদুল হাসান, এনডিসি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২০২৪ সালের জুন মাসে বাংলাদেশ ও দক্ষিন কোরিয়া সরকার ITMO (Internationally Transferred Mitigation Outcomes) এ স্বাক্ষরিত MOU এর ধারাবাহিকতায় দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রতিষ্ঠান B&F Company Limited ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্য মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলে সমীক্ষা জরিপ পরিচালনার জন্য আরেকটি MoU স্বাক্ষরিত হয়। এই সমীক্ষায় ল্যান্ডফিলে গ্যাস উত্তোলন ও রিসাইক্লিন প্লান্ট স্থাপনের উপর বিস্তারিত সম্ভাব্যতা যাচাই শেষে পাইলট প্রকল্প গ্রহণের জন্য B & F Company Limited এর সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আজ MoU স্বাক্ষরিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জহিরুল ইসলাম ও B&F Company Limited এর পক্ষে পার্ক চং উয়ান চুক্তিটি স্বাক্ষর করেন।
Sustainable Landfill Reclamation (SLR) through Landfill Gas (LFG) Extraction and 3R Resource Circulation Centre (RCC) Pilot Project শীর্ষক চুক্তির এই পাইলট প্রকল্পের মেয়াদ ০৫ বছর, যা ১০ বছর পর্যন্ত নবায়নযোগ্য। এই প্রকল্পের মাধ্যমে আগামী ১৫ বছরে পুন:চক্রায়নের মাধ্যমে ডিএসসিসি এলাকায় দৈনিক সৃষ্ট বর্জ্য শূন্য-বর্জ্যে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আইন ২০২১ এর আওতায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।
ডিএসসিসি চুক্তির আওতায় B & F Company Limited কে মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলে ০৪ একর জমি প্রকল্প সময়ের জন্য লিজ হিসেবে প্রদান করবে। এছাড়াও প্রতিদিন গড়ে ৩০০ মেট্রিক টন কঠিন বর্জ্য B&F Company Limited কে ব্যবস্থাপনার জন্য দেয়া হবে। প্রকল্প সম্পর্কিত সকল ব্যয় B&F Company Limited কর্তৃক বহন করা হবে। প্রকল্পে ডিএসসিসির কোনো আর্থিক সংশ্লেষ নেই। তবে, প্রকল্প হতে যখনই আয় শুরু হবে, সেই আয়ের ২০ শতাংশ ডিএসসিসি প্রাপ্ত হবে। এই প্রকল্পের মাধ্যমে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে জৈব সার, বায়োগ্যাস, RDF, বায়ো ফুয়েল, সিমেন্টের কাচামাল ও অন্যান্য ব্যবহারযোগ্য পন্য তৈরি করা হবে।
পরিবেশবান্ধব এই প্রকল্পটি মেয়াদ শেষে BOOT (Build-Own-Operate & Transfer) মডেল অনুসরণ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিকট হস্তান্তরিত হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, “ডিএসসিসির প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় এই চুক্তিটি একটি মাইলফলক। এর ফলে একদিকে যেমন পরিবেশ ও পতিবেশের উপর বর্জ্যদূষণ জনিত ঝুঁকি হ্রাস পাবে, তেমনি বর্জ্যকে সম্পদ হিসেবে ব্যবহার করা সম্ভব হবে।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, সচিব মোহাম্মদ নাছিম আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মোঃ মাহাবুবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Posted ৭:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy