নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ প্রিন্ট ৯৬ বার পঠিত
নবনির্বাচিত সরকারের লক্ষ্য তুলে ধরে আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ বৈশ্বিক ভ্যালু চেইনে আরো সক্রিয়ভাবে যুক্ত হতে চায় এবং বাণিজ্যভিত্তিক প্রবৃদ্ধি অর্জনে ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নে কাজ করছে
বিশ্ব বাণিজ্য সংস্থার ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের (এমসি১৪) সাইডলাইনে গতকাল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বাণিজ্য সম্পর্ক জোরদারে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ক্যামেরুনের ইয়াউন্দেতে।
প্যালেস দে কংগ্রেসে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং নিউজিল্যান্ডের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী টড ম্যাকক্লে।
বৈঠকে নিউজিল্যান্ডের মন্ত্রী ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন আব্দুল মুক্তাদির। তিনি নবনির্বাচিত সরকারের লক্ষ্য তুলে ধরে বলেন, বাংলাদেশ বৈশ্বিক ভ্যালু চেইনে আরো সক্রিয়ভাবে যুক্ত হতে চায় এবং বাণিজ্যভিত্তিক প্রবৃদ্ধি অর্জনে ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নে কাজ করছে।
মন্ত্রী আঞ্চলিক বাণিজ্য জোট আরসিইপি-এ যোগদানের বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা উল্লেখ করেন এবং এ ক্ষেত্রে নিউজিল্যান্ডের সমর্থন কামনা করেন। তিনি বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে বাংলাদেশের ভূ-অবস্থান এবং ক্রমবর্ধমান মধ্যবিত্ত জনগোষ্ঠী এ জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরো জানান, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রেক্ষাপটে বাজার বহুমুখীকরণের কৌশলের অংশ হিসেবে বাংলাদেশ এরই মধ্যে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ স্বাক্ষর করেছে এবং কোরিয়া, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।
নিউজিল্যান্ডের মন্ত্রী টড ম্যাকক্লে বাংলাদেশের ভূ-রাজনৈতিক গুরুত্ব ও অর্থনৈতিক সম্ভাবনার প্রশংসা করে বলেন, আরসিইপি জোটে বাংলাদেশ একটি উপযুক্ত অংশীদার হতে পারে। এ জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য অন্য সদস্য দেশের সঙ্গে সমন্বয়ে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এছাড়া বাংলাদেশের সঙ্গে একটি দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএর আলোচনার প্রস্তাব দেন তিনি। এর মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী নিউজিল্যান্ডের মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে টড ম্যাকক্লে চলতি বছরের মাঝামাঝিতে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।
Posted ০৮:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com