|

Advertisement
×

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু

বুধবার, ২২ জুলাই ২০২৬   প্রিন্ট   ৮৯ বার পঠিত

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু

করসেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ২০২৬-২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (২২ জুলাই) থেকে এ সেবা কার্যকর হয়েছে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখর জানান, ২০২১ সালে ই-রিটার্ন ব্যবস্থা চালুর পর থেকে এটি করদাতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ২০২৫-২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ ব্যক্তি করদাতা অনলাইনে সফলভাবে আয়কর রিটার্ন দাখিল করেছেন। এতে দেশে ডিজিটাল করসেবার প্রতি করদাতাদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তিনি বলেন, ই-রিটার্ন ব্যবস্থার মাধ্যমে করদাতারা ঘরে বসেই সহজে বার্ষিক আয়কর রিটার্ন প্রস্তুত, দাখিল এবং কর পরিশোধ করতে পারবেন।

এনবিআরের এক বিশেষ আদেশ অনুযায়ী, সব স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, সনদপত্রের ভিত্তিতে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার প্রতিনিধিরা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা চাইলে কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন।

এ ছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত জটিলতার কারণে কোনো করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে কাগজে রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন।

এনবিআর জানায়,www.etaxnbr.gov.bd পোর্টালের মাধ্যমে ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন ডিজিটাল পদ্ধতিতে কর পরিশোধ করা যাবে। রিটার্ন দাখিলের পর তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদও সংগ্রহ করা যাবে।

অনলাইনে রিটার্ন দাখিল করতে কোনো সমস্যা হলে সরকারি ছুটি ছাড়া অফিস চলাকালে এনবিআরের কল সেন্টার ০৯৬৪৩৭১৭১৭১-এ যোগাযোগ করে বা অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে।

 

Facebook Comments Box

Posted ০৬:৫০ অপরাহ্ণ | বুধবার, ২২ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com