|

Advertisement
×

আগস্টে যুক্তরাজ্যে পোশাক রফতানি বেড়েছে ১০.৫৩ শতাংশ

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ৭ বার পঠিত

আগস্টে যুক্তরাজ্যে পোশাক রফতানি বেড়েছে ১০.৫৩ শতাংশ

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি। আগস্টে দেশটিতে পোশাক রফতানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যে তৈরি পোশাক রফতানি থেকে আয় বেড়েছে ৩ দশমিক ৭৪ শতাংশ।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রফতানি হয়েছে ৯১৫ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলারের। গত অর্থবছরের একই সময়ে রফতানি ছিল ৮৮২ দশমিক ৬২ মিলিয়ন ডলার। সেই হিসাবে দুই মাসে রফতানি আয় বেড়েছে ৩৩ দশমিক ১ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, জুলাইয়ে যুক্তরাজ্যে পোশাক রফতানি গত বছরের একই মাসের তুলনায় ২ দশমিক ৪৪ শতাংশ কমেছিল। এর পর আগস্টে ১০ দশমিক ৫৩ শতাংশ বেড়ে জুলাইয়ের দুর্বলতা কাটিয়ে ওঠে।

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পোশাক রফতানির মাসিক গড় দাঁড়িয়েছে ৪৫৭ দশমিক ৮২ মিলিয়ন ডলারে। বিপরীতে ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাজ্যে পোশাক রফতানি থেকে মোট আয় ছিল ৪ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। সেই হিসাবে মাসিক গড় ছিল ৩৬৫ দশমিক ৭১ মিলিয়ন ডলার।

অর্থাৎ, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রফতানির মাসিক গড় গত অর্থবছরের মাসিক গড়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। মাত্র দুই মাসে গত অর্থবছরের পুরো বছরের রফতানি আয়ের ২০ দশমিক ৮৬ শতাংশ অর্জিত হয়েছে।

ইপিবির তথ্য বলছে, আগস্টের দুই অঙ্কের প্রবৃদ্ধি মূলত অর্থবছরের শুরুতে যুক্তরাজ্যের বাজারে সামগ্রিক রফতানি প্রবৃদ্ধি ধরে রাখতে সহায়তা করেছে।

যুক্তরাজ্য বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম প্রধান রফতানি বাজার। ফলে অর্থবছরের শুরুতেই এই বাজারে রফতানি আয় বাড়ার প্রবণতা অব্যাহত থাকলে তা সামগ্রিক তৈরি পোশাক রফতানিতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

Facebook Comments Box

Posted ০৮:৩৯ অপরাহ্ণ | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com