রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

এআই ও আরবিইউ মডেলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করছে বিপিসিএল

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬   প্রিন্ট   ৪১ বার পঠিত

এআই ও আরবিইউ মডেলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করছে বিপিসিএল

দেশে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ও রিসাইক্লিং বিজনেস ইউনিট (আরবিইউ) মডেলের সমন্বয়ে নতুন দিগন্তের সূচনা করেছে বাংলাদেশ পেট্রোকেমিকেল কোম্পানি লিমিটেড (বিপিসিএল)। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘প্লিজ’ প্রকল্পের আওতায় দেশের সাতটি জেলায় এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার (৩০ মার্চ) বিকেলে রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত “ডিকার্বনাইজিং বাংলাদেশ’স প্লাস্টিক ওয়েস্ট: ইনোভেটিভ সলিউশনস ফর দ্য সার্কুলার ইকোনমি” শীর্ষক এক কর্মশালায় এ তথ্য জানানো হয়।

কর্মশালায় জানানো হয়, ফেনী, কক্সবাজার, রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, বগুড়া, চট্টগ্রাম ও কুমিল্লায় প্রতিষ্ঠিত সাতটি রিসাইক্লিং বিজনেস ইউনিটের মাধ্যমে ইতোমধ্যে ৬১৭ মেট্রিক টনের বেশি প্লাস্টিক বর্জ্য পুনরুদ্ধার করা হয়েছে। পাশাপাশি এই উদ্যোগে ৫ হাজার ৬১৫ জন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে বিপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খাদেম মাহমুদ ইউসুফ প্রকল্পের অগ্রগতি তুলে ধরে বলেন, আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী মডেলের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও টেকসই করে তোলা হচ্ছে। কর্মশালায় প্রকল্পের বিভিন্ন উদ্ভাবন নিয়ে একটি ভিডিও উপস্থাপন করা হয় এবং পরে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, শুধুমাত্র নিষেধাজ্ঞা দিয়ে প্লাস্টিক দূষণ রোধ করা সম্ভব নয়। বরং পুনর্ব্যবহারযোগ্য ব্যবস্থার উন্নয়ন ও নতুন উদ্ভাবনের মাধ্যমে এই সংকট মোকাবিলা করতে হবে। তিনি বলেন, বর্জ্যকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে সরকার বদ্ধপরিকর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম বলেন, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট খাতে কারিগরি সহায়তা প্রদানে সরকার প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।

কর্মশালায় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা বিপিসিএলের উদ্যোগের প্রশংসা করেন। জাতিসংঘ প্রকল্প সেবা কার্যালয়ের (ইউএনওপিএস) কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরন বলেন, বিপিসিএলের উদ্ভাবনী কার্যক্রম অত্যন্ত সম্ভাবনাময় এবং এটি দেশব্যাপী সম্প্রসারণযোগ্য।

এছাড়া, উন্নয়ন সহযোগী সংস্থা ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা বলেন, বিপিসিএলের এই উদ্যোগ বর্জ্য ব্যবস্থাপনায় একটি কার্যকর সাপ্লাই চেইন তৈরি করেছে, যা বাস্তবায়ন করা বেশ কঠিন হলেও প্রতিষ্ঠানটি তা সফলভাবে সম্পন্ন করেছে। কর্মশালায় আরও জানানো হয়, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ব্লকচেইন প্রযুক্তি এবং এআই-চালিত ট্র্যাকিং ব্যবস্থা চালু করা হয়েছে। এর মাধ্যমে পিইটি বর্জ্য সংগ্রহ থেকে পুনর্ব্যবহার পর্যন্ত পুরো প্রক্রিয়া রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে।

প্রকল্পের সামাজিক প্রভাবের দিকটিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। বিপিসিএল জানায়, এই উদ্যোগের ফলে ভাঙারি সরবরাহকারীদের কেজিপ্রতি নিট মুনাফা ২ টাকা থেকে বেড়ে ৩ টাকায় উন্নীত হয়েছে। পাশাপাশি অংশীদার প্রতিষ্ঠান সিদীপের সহায়তায় ১ হাজার ৪০৪ জন অনানুষ্ঠানিক বর্জ্য সংগ্রাহককে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, ৭০ জন শিশুর জন্য শিশু যত্নকেন্দ্র স্থাপন এবং ১ হাজার ৪৭৫ জনকে জীবনদক্ষতা প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

 

Facebook Comments Box
×

Posted ০৮:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com