এম,এম,আর কামরুল
রবিবার, ১৭ মে ২০২৬ প্রিন্ট ২৩ বার পঠিত
টানা তিন কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর নতুন সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের শেয়ারবাজারে দেখা গেছে স্বাভাবিক মূল্য সংশোধন। রোববার (১৭ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক কমার পাশাপাশি লেনদেনের পরিমাণও হ্রাস পেয়েছে। একই সঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরও নিম্নমুখী ছিল।
বাজারসংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক টানা উত্থানের পর বাজারে কিছুটা দর সমন্বয় হওয়াটা স্বাভাবিক। এছাড়া সামনে ঈদকে কেন্দ্র করে চলতি সপ্তাহে পূর্ণ পাঁচ কার্যদিবস লেনদেন থাকায় অনেক বিনিয়োগকারী প্রয়োজনীয় নগদ অর্থ সংগ্রহে শেয়ার বিক্রি করছেন। এতে বাজারে বিক্রির চাপ কিছুটা বেড়েছে বলে মনে করছেন তারা।
আরও পড়ুন:
প্রগতি ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
বাটা সু’র প্রথম প্রান্তিক প্রকাশ
তবে বিশ্লেষকদের ধারণা, বর্তমান বাজার পরিস্থিতি এখনও স্থিতিশীল রয়েছে। এ অবস্থায় ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির শেয়ারে বিনিয়োগ ধরে রাখলে ঈদের পর ইতিবাচক রিটার্ন পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।
ডিএসইর তথ্য অনুযায়ী, সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান সূচক ডিএসইএক্স ১৯.০৩ পয়েন্ট কমে ৫ হাজার ২২৬.১৮ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস কমেছে ৩.৫৭ পয়েন্ট, যা দাঁড়িয়েছে ১ হাজার ৬২.৫৫ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক কমে ১ হাজার ৯৭০.৫৫ পয়েন্টে নেমেছে, যা আগের দিনের তুলনায় ১১.১১ পয়েন্ট কম।
এদিন ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ২২৮টির এবং অপরিবর্তিত ছিল ৪৫টির দর।
লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে। রোববার ডিএসইতে মোট লেনদেন হয়েছে প্রায় ৮৬৮ কোটি ২৩ লাখ টাকা, যেখানে আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল প্রায় ৯৯৭ কোটি ৩০ লাখ টাকা। সে হিসেবে একদিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ১২৯ কোটি ২৭ লাখ টাকা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। এদিন সিএসইতে প্রায় ৩২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের ১৮ কোটি ৪৮ লাখ টাকার তুলনায় বেশি।
সিএসইতে মোট ২১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৮০টির দর বেড়েছে, ১১১টির দর কমেছে এবং ২৩টির দর অপরিবর্তিত ছিল।
সার্বিকভাবে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩৯.৯৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৭৫.৪০ পয়েন্টে নেমে এসেছে। এর আগের কার্যদিবসে সূচকটি ৪৪.৭১ পয়েন্ট বেড়েছিল।
Posted ০৬:২৭ অপরাহ্ণ | রবিবার, ১৭ মে ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com