নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২০ জুলাই ২০২৬ প্রিন্ট ৩০ বার পঠিত
চলতি ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ২ দশমিক ২২ শতাংশ। শিল্প খাতে সংকোচন এবং কৃষি ও সেবা খাতের প্রবৃদ্ধি মন্থর হয়ে পড়ায় অর্থনীতির গতি উল্লেখযোগ্যভাবে কমেছে।
সোমবার (২০ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত প্রাথমিক ত্রৈমাসিক জিডিপি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আগের অর্থবছরের একই প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৫৩ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বর্তমান বাজারমূল্যে দেশের জিডিপির আকার বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৯ হাজার কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪ লাখ ১৯ হাজার কোটি টাকা।
বিবিএসের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রতিটি প্রান্তিকেই প্রবৃদ্ধির হার কমেছে। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৯৬ শতাংশ, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) তা কমে ৩ দশমিক ৩ শতাংশে নেমে আসে এবং তৃতীয় প্রান্তিকে আরও কমে ২ দশমিক ২২ শতাংশে দাঁড়ায়।
ফলে অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৬৩ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ের ৩ দশমিক ৯৯ শতাংশের তুলনায় কম।
প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয় প্রান্তিকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি শিল্প খাত ০ দশমিক ২৮ শতাংশ সংকুচিত হয়েছে। অথচ আগের অর্থবছরের একই সময়ে এ খাতে প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৩৩ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে শিল্প খাতে ৬ দশমিক ৮২ শতাংশ এবং দ্বিতীয় প্রান্তিকে ১ দশমিক ২৭ শতাংশ প্রবৃদ্ধি হলেও তৃতীয় প্রান্তিকে তা নেতিবাচক অবস্থায় চলে যায়।
এদিকে কৃষি খাতে জানুয়ারি-মার্চ সময়ে প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৭৪ শতাংশ, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ দশমিক ৬১ শতাংশ। প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে এ খাতের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ২ দশমিক ১১ শতাংশ এবং ৩ দশমিক ৬৮ শতাংশ।
সেবা খাত ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখলেও এর গতি উল্লেখযোগ্যভাবে কমেছে। তৃতীয় প্রান্তিকে এ খাতের প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৫২ শতাংশ, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ৭ দশমিক ৩২ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে সেবা খাতের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৪ দশমিক ৫১ শতাংশ এবং ৪ দশমিক ৪৫ শতাংশ।
বিবিএস জানিয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরিসংখ্যানগত মানদণ্ড অনুসরণ করে ত্রৈমাসিক জিডিপি প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে, যাতে অর্থনীতির চলমান পরিস্থিতি নিয়মিত মূল্যায়ন এবং সময়োপযোগী নীতিনির্ধারণে সহায়তা করা যায়। ২০২৩-২৪ অর্থবছর থেকে বাংলাদেশ নিয়মিত ত্রৈমাসিক জিডিপি প্রকাশ করছে।
সংস্থাটির মতে, শিল্প খাতের দুর্বলতা এবং কৃষি ও সেবা খাতের মন্থর প্রবৃদ্ধির কারণে তৃতীয় প্রান্তিকে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি আরও শ্লথ হয়েছে। এই প্রাথমিক হিসাব চলতি অর্থবছরের জাতীয় আয় চূড়ান্ত করার ক্ষেত্রে ব্যবহৃত হবে।
Posted ০৮:২১ অপরাহ্ণ | সোমবার, ২০ জুলাই ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com