অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ প্রিন্ট ২৮ বার পঠিত
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সহযোগিতা এ অঞ্চলের জন্য একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাকে সংযুক্ত করে একটি সমন্বিত উৎপাদন নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন তিনি। তিতুমীর বলেন, বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বৈশ্বিক উৎপাদন কেন্দ্র ও রপ্তানি প্রবেশদ্বার হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে শক্তিশালী উৎপাদন নেটওয়ার্ক গড়ে তুলতে কাজ করছে সরকার।
বিশ্বব্যাপী উৎপাদন কাঠামোয় দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব কাটিয়ে উৎপাদনের স্বাভাবিক ধারা ফিরিয়ে আনতে বাংলাদেশের এ উদ্যোগ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জনবান্ধব ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাসটেইনেবল ডেভেলপমেন্ট পলিসি ইনস্টিটিউট আয়োজিত ‘২৯তম টেকসই উন্নয়ন সম্মেলন’-এর উদ্বোধনী অধিবেশনে গেস্ট অব অনারের বক্তব্যে সোমবার (২ নভেম্বর) এসব কথা বলেন ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
মঙ্গলবার (৩ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিতুমীর বলেন, উন্নয়নশীল দেশগুলোর উচিত এমন বিনিয়োগ আকর্ষণ করা, যা অভ্যন্তরীণ সক্ষমতা তৈরি, প্রযুক্তি হস্তান্তর এবং কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে। আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে শিক্ষা খাতে ব্যয় বর্তমানের জিডিপির প্রায় ২ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবিলা ও সুষম উন্নয়ন নিশ্চিত করার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশ সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদানসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। যুদ্ধ, জ্বালানি সংকট এবং বিগত সরকারের দুঃশাসনের ফলে সৃষ্ট দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকট ও দারিদ্র্য থেকে উত্তরণে এসব উদ্যোগ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী অধ্যাপক আহসান ইকবাল।
চার দিনব্যাপী এ সম্মেলনে প্রায় ৫০টি প্যানেল ও পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন দেশের ৩০০ জনের বেশি উন্নয়ন বিশেষজ্ঞ এবং রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তির বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তাঁদের মধ্যে ১০০ জনের বেশি নারী রয়েছেন। দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, চীন এবং বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিচ্ছেন।
Posted ০৮:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন