এম,এম,আর কামরুল
মঙ্গলবার, ১৯ মে ২০২৬ প্রিন্ট ৩৬৫ বার পঠিত
দুই কার্যদিবসের টানা পতনের পর মঙ্গলবার (১৯ মে) দেশের শেয়ারবাজারে ফিরেছে ইতিবাচক প্রবণতা। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি সূচক ঊর্ধ্বমুখী অবস্থানে লেনদেন শেষ করলেও টাকার অংকে লেনদেন কিছুটা কমেছে। একই সঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দামও বেড়েছে।
বাজারসংশ্লিষ্টদের মতে, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে শেয়ার কেনার আগ্রহ দেখা যাচ্ছে। অনেকেই প্রয়োজনীয় নগদ অর্থ আগে থেকেই তুলে নেওয়ায় এখন বাজারে তুলনামূলক স্থিতিশীলতা তৈরি হয়েছে। এছাড়া বিনিয়োগকারীদের একটি বড় অংশ সম্ভাব্য মুনাফার আশায় শেয়ার ধরে রাখছেন, যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।
তাদের ভাষ্য, ঈদের আগে সীমিত পরিসরে হলেও বিনিয়োগ বাড়ছে এবং বিনিয়োগকারীরা ভবিষ্যৎ বাজার পরিস্থিতি বিবেচনায় সতর্ক অবস্থান নিচ্ছেন। বিশ্লেষকদের ধারণা, ঈদের পর বাজার আরও স্বাভাবিক ও স্থিতিশীল ধারায় ফিরতে পারে।
দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১১ দশমিক ৫৪ পয়েন্টে। শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক বেড়েছে ২ দশমিক ৮৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক বেড়েছে ১ দশমিক ৭৯ পয়েন্ট।
ডিএসইতে এদিন মোট ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১৮১টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত ছিল ৭৪টির দর।
লেনদেনের পরিমাণ ছিল ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৭২৬ কোটি ৮ লাখ টাকার তুলনায় প্রায় ৫০ কোটি টাকা কম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থান হয়েছে। এদিন সিএসইতে মোট ১৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৮ কোটি ৭৭ লাখ টাকা।
সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২০৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৮২টির দর বেড়েছে, ৯২টির কমেছে এবং ৩২টির দর অপরিবর্তিত ছিল।
দিনশেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৫৪ দশমিক ৫৫ পয়েন্টে অবস্থান নেয়। আগের কার্যদিবসে সূচকটি ৫২ দশমিক ১৬ পয়েন্ট কমেছিল।
Posted ০৪:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ মে ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com