রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x
অর্থনীতি পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপের আহ্বান

নবনির্বাচিত সরকারকে ঢাকা চেম্বারের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬   প্রিন্ট   ৯৫ বার পঠিত

নবনির্বাচিত সরকারকে ঢাকা চেম্বারের অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠন করায় ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সংগঠনটির মতে, বহুল প্রত্যাশিত এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাশিত নেতৃত্ব নির্বাচন করেছে, যারা বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরের পথে অগ্রাধিকার ভিত্তিতে অর্থনৈতিক পুনরুদ্ধারের কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবে।

ডিসিসিআই মনে করে, বর্তমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতা বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যে পারস্পরিক শুল্কারোপের প্রভাব এবং দেশের অভ্যন্তরীণ নানামুখী সংকটে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দীর্ঘ সময় ধরে দেশীয় বিনিয়োগ ও বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) প্রত্যাশিত হারে বাড়েনি, পাশাপাশি রপ্তানিমুখী খাতেও কাঙ্ক্ষিত অগ্রগতি দৃশ্যমান নয়। সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাত (এসএমই), যার ফলে কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হওয়ার পাশাপাশি সামগ্রিক উৎপাদন ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে। এই প্রেক্ষাপটে উদ্যোক্তাদের জন্য ব্যবসা পরিচালনা দিন দিন আরও কঠিন হয়ে উঠছে।

সংগঠনটি আরও উল্লেখ করে, সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বন্দর ব্যবস্থাপনার সমন্বয়হীনতা, রাজস্ব প্রশাসনে সংস্কার কার্যক্রমের স্থবিরতা, শিল্পখাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা, উচ্চ সুদহার, সংকোচনমুখী মুদ্রানীতি, ঋণপ্রাপ্তির দীর্ঘসূত্রতা এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তার ঘাটতি এই সবকিছু মিলিয়ে দেশের বেসরকারিখাতের অগ্রযাত্রা গুরুতরভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

এই চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের ওপর জোর দিয়েছে ডিসিসিআই। সংগঠনটির অভিমত, জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা ছাড়া টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধার সম্ভব নয়। তাই শিল্প ও বাণিজ্যখাতে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে সার্বিক অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে নবনির্বাচিত সরকারের প্রতি সময়োপযোগী ও বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

Facebook Comments Box
×

Posted ০৫:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com