নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ প্রিন্ট ৩৯ বার পঠিত
দেশে জ্বালানি খাতে চলমান চ্যালেঞ্জের মধ্যেই বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এ বড় ধরনের প্রশাসনিক রদবদল আনা হয়েছে। সংস্থাটির অধীনস্থ ও অংশীদার প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ পদে একাধিক কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।
বদলির অংশ হিসেবে এলপি গ্যাস লিমিটেড (এলপিজিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক এবং বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) বিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা মো. ইউসুফ হোসেন ভুঁইয়াকে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে, যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আমীর মাসুদকে এলপি গ্যাস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিপিসির সচিব শাহিনা সুলতানার স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের একই দিন (১৬ এপ্রিল) পূর্বাহ্নের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন দায়িত্বস্থলে যোগ দিতে হবে। অন্যথায়, ওই দিন অপরাহ্নে তারা ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য হবেন।
একই আদেশে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (নিরীক্ষা) আবুল কালাম আজাদকে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড (এসএওসিএল)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৩ এপ্রিল দৈনিক বাংক বীমা অর্থনীতি প্রত্রিকায় বিপিসি’র মহাব্যবস্থাপক (অর্থ) মোরশেদ হোসাইন আজাদের বিরুদ্ধে গুরুতর অনিয়মের খবর প্রকাশ হয়। ঠিক তার দু’দিন পর বিপিসিতে এরকম রদবদল হলো।
এই রদবদলের মাধ্যমে বিপিসি ও এর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনার চেষ্টা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Posted ০৬:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com