বুধবার ৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x
গভর্নরের সঙ্গে এফবিসিসিআই প্রতিনিধিদলের মতবিনিময়

সুদের হার এক অঙ্কে নামানো ও ইডিএফ তহবিল সম্প্রসারণের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬   প্রিন্ট   ৮৭ বার পঠিত

সুদের হার এক অঙ্কে নামানো ও ইডিএফ তহবিল সম্প্রসারণের আহ্বান

ঢাকায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোঃ মোস্তাকুর রহমানের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই-এর একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে। সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকালে মতিঝিলে গভর্নরের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, ব্যবসা-বাণিজ্যের চ্যালেঞ্জ এবং ব্যাংকিং খাতসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এফবিসিসিআই প্রশাসক মো. আবদুর রহিম খানের নেতৃত্বে প্রতিনিধিদল বৈঠকে ব্যাংক ঋণের সুদের হার ধাপে ধাপে কমিয়ে এক অঙ্কে নামিয়ে আনার দাবি জানায়। একই সঙ্গে রপ্তানি খাতকে আরও শক্তিশালী করতে রপ্তানি উন্নয়ন তহবিলের পরিসর বাড়ানো এবং তা সকল রপ্তানি খাতের জন্য উন্মুক্ত রাখার প্রস্তাবও তুলে ধরা হয়।

বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মোঃ মোস্তাকুর রহমানকে অভিনন্দন জানিয়ে এফবিসিসিআই প্রশাসক বলেন, বর্তমান সময়ে দেশীয় ও আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জের মধ্যে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, বিনিময় হার স্থিতিশীল রাখা এবং বিনিয়োগবান্ধব মুদ্রানীতি প্রণয়নে কেন্দ্রীয় ব্যাংক কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সুদের হার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে সুদের হার স্থিতিশীল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার একটি গুরুত্বপূর্ণ উপাদান, তবে শুধুমাত্র সুদের হার দিয়ে এই সমস্যা সমাধান সম্ভব নয়Ñএর জন্য আর্থিক খাত, রাজস্ব ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনার মধ্যে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। এ কারণে দেশের অর্থনীতির স্বার্থে সুদের হার ধীরে ধীরে কমিয়ে এক অঙ্কে নিয়ে আসার আহ্বান জানান তিনি।

এছাড়া বৈদেশিক মুদ্রার সরবরাহ স্বাভাবিক রাখা এবং বিনিময় হার স্থিতিশীল রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। ক্ষতিগ্রস্ত শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য নীতিগত সহায়তা প্রদান, বেসরকারি খাতে ঋণপ্রবাহ বৃদ্ধি, খেলাপি ঋণ কমানো, জনশক্তি রপ্তানি বাড়াতে সহজ শর্তে ঋণ এবং অবাধ রেমিট্যান্স প্রবাহ নিশ্চিত করার বিষয়েও প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি গ্রাহক ঋণসীমা বৃদ্ধির কথাও উল্লেখ করা হয়।

কোভিড-পরবর্তী পরিস্থিতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের নেওয়া বিভিন্ন প্রণোদনা ও নীতিগত সহায়তার জন্য বেসরকারি খাতের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যাংকিং সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। একই সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির স্বার্থে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এফবিসিসিআই।

বৈঠকে অংশ নেওয়া ব্যবসায়ী নেতারা তাদের নিজ নিজ খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা কামনা করেন। প্রতিনিধিদলে বিভিন্ন খাতের শীর্ষ সংগঠন ও চেম্বারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted` ৬:০১ অপরাহ্ণ | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com