নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২০ জুলাই ২০২৬ প্রিন্ট ৪১ বার পঠিত
রাজধানীতে আগামী ২৩ থেকে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ এবং ‘থাই গুরমে গালা’ ভলিউম-৩। প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকার গ্র্যান্ড বলরুম ও ক্যাফে বাজার রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে থাইল্যান্ডের পণ্য, সংস্কৃতি ও রন্ধনশৈলীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন দর্শনার্থীরা।
সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আয়োজকরা জানান, বাংলাদেশে রয়্যাল থাই দূতাবাসের কমার্শিয়াল অ্যাফেয়ার্স অফিসের উদ্যোগে আয়োজিত ‘টপ থাই ব্র্যান্ডস’-এর এটি ২১তম আসর। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে ঢাকায় থাইল্যান্ড দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর (কমার্শিয়াল) অনুসর্ন কৌতিপভিত্তায়া বলেন, এ আয়োজন দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করবে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ থাইল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার বলেও তিনি উল্লেখ করেন।
এবারের মেলায় থাইল্যান্ডের শীর্ষ ব্র্যান্ডসহ ৫৭টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। খাদ্য ও পানীয়, স্বাস্থ্যসেবা, ওয়েলনেস, ফ্যাশন, প্রসাধনী, নির্মাণসামগ্রী, রাসায়নিক, লুব্রিকেন্ট, স্টেশনারি ও শিশু পরিচর্যাসহ বিভিন্ন খাতের পণ্য প্রদর্শিত হবে।
মেলার অন্যতম আকর্ষণ থাকবে বিজনেস ম্যাচমেকিং সেশন, যেখানে থাই কোম্পানিগুলো বাংলাদেশি আমদানিকারক, পরিবেশক ও ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি বৈঠক করবে। এছাড়া থাকবে থাই ঐতিহ্যবাহী নৃত্য, মুয়ে থাই প্রদর্শনী, ফ্যাশন শো ও র্যাফেল ড্র। আগামী ২৩ জুলাই দুপুর ১টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত থাকার কথা রয়েছে।
একই সময়ে ক্যাফে বাজার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে ‘থাই গুরমে গালা’ ভলিউম-৩। এতে অংশ নেবেন থাইল্যান্ডের চিয়াং মাইয়ের খ্যাতনামা শেফ ব্রুংতানা নিমনু। উৎসবে থাই বুফে লাঞ্চ, ব্রাঞ্চ ও ডিনারের পাশাপাশি থাকবে ঐতিহ্যবাহী থাই খাবার, সাংস্কৃতিক পরিবেশনা, র্যাফেল ড্র, নির্বাচিত ব্যাংক কার্ডে বিশেষ ছাড় এবং শিশুদের জন্য নানা আয়োজন।
আয়োজকদের আশা, বাণিজ্য, সংস্কৃতি ও রন্ধনশৈলীর সমন্বয়ে এ আয়োজন বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ব্যবসায়িক সহযোগিতা আরও শক্তিশালী করবে।
Posted ০৬:৫২ অপরাহ্ণ | সোমবার, ২০ জুলাই ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com