নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৩৩ বার পঠিত
জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের এক সার্ভেয়ারকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩ নভেম্বর) এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় মোহাম্মদ আসাদুল ইসলাম নামের ওই সার্ভেয়ারকে হাতেনাতে আটক করা হয়।
দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘুষ দাবির অভিযোগের ভিত্তিতে দুদকের একটি বিশেষ দল ফাঁদ অভিযান পরিচালনা করে। এ সময় এক লাখ টাকা গ্রহণের সময় সার্ভেয়ারকে আটক করা হয়।
দুদক সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. মনিরুল ইসলাম লালবাগের চর-কামরাঙ্গী মৌজায় বিভিন্ন দাগে থাকা ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি পৃথক করা এবং নকশা তৈরির জন্য গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তিনি।
তবে প্রায় ছয় মাস বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কাজ সম্পন্ন করতে পারেননি মনিরুল ইসলাম। পরে তাঁকে লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। অভিযোগ অনুযায়ী, জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করে দেওয়ার জন্য ওই সার্ভেয়ার ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন।
বিষয়টি দুদককে জানান ভুক্তভোগী। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই এবং আইনগত প্রক্রিয়া শেষে দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ের একটি দল ফাঁদ অভিযান চালায়। অভিযানের সময় এক লাখ টাকা ঘুষ নেওয়ার মুহূর্তে আসাদুল ইসলামকে আটক করা হয়।
দুদক জানিয়েছে, আটক সার্ভেয়ারের বিরুদ্ধে মামলা দায়ের এবং তাঁকে আদালতে সোপর্দ করার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Posted ০৬:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন