বিবিএনিউজ.নেট
শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১ প্রিন্ট ৬৫৯ বার পঠিত
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পাঁচ বছর হয়ে গেল। অথচ চুরি হওয়া অর্থের ৫৬১ কোটি টাকা এখনো ফেরত আসেনি। এমনকি অর্থ ফেরত দেওয়ার আশ্বাসও মেলেনি। রিজার্ভ চুরি নিয়ে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে যে মামলা করেছিল, তা-ও টেকেনি। অর্থ ফেরত ও জড়িতদের শাস্তির জন্য এখন নতুন করে স্টেট কোর্টে মামলা করেছে। এখনো সেই মামলার শুনানি শুরু হয়নি। ফলে অর্থ ফেরত পাওয়ার বিষয়টি সম্ভব হবে কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশেও কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে নিরাপত্তাব্যবস্থা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন কোনো ধরনের সতর্কতা পেলেই বিভিন্ন নেটওয়ার্কে কড়া তদারকি ব্যবস্থা নিচ্ছে। এমনকি কর্মকর্তাদের কম্পিউটারে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখছে। আর ব্যাংকগুলোকেও সময় সময় সতর্ক করার পাশাপাশি বিভিন্ন ব্যবস্থা নিতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক বা নিউইয়র্ক ফেডে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৮১০ কোটি টাকা চুরি হয় ২০১৬ সালের ৪ ফেব্রæয়ারি। এর মধ্যে বিভিন্ন সময়ে ফেরত আসে এক কোটি ৫০ লাখ ডলার। এখনো চুরি হওয়া অর্থের ৬ কোটি ৬০ লাখ ডলার বা ৫৬১ কোটি টাকা উদ্ধার হয়নি। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছিল সরকার।
রিজার্ভ চুরির তিন বছর পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে মামলা করে বাংলাদেশ। ২০১৯ সালের ৩১ জানুয়ারি দায়ের করা মামলায় ফিলিপাইনের পাঁচটি আর্থিক ও ক্যাসিনো প্রতিষ্ঠান, দেশটির ১২ জন, ৩ জন চীনা নাগরিকসহ মোট ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করে বাংলাদেশ ব্যাংক। সেই আদালতে সব পক্ষ প্রয়োজনীয় নথিপত্র জমা দেয়। ২০২০ সালের ২০ মার্চ আদালত রায় দেয়। রায়ে বলা হয়, যে উদ্দেশ্যে মামলাটি করা হয়েছে, তা ওই আদালতের এখতিয়ারাধীন না। তবে স্টেট আদালতে মামলা চলতে পারে বলে মত দেন ফেডারেল আদালত। এরই পরিপ্রেক্ষিতে গত বছরের ২৭ মে যুক্তরাষ্ট্রের স্টেট আদালতে মামলা করে বাংলাদেশ ব্যাংক। মামলায় একই ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আসামি করা হয়। এ অবস্থায় প্রশ্ন দেখা দিয়েছে- রির্জাভ চুরির বাকি অর্থ ফেরত পাওয়া যাবে কিনা।
Posted ০১:০৪ অপরাহ্ণ | শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com