|

Advertisement
×
সংকটে উৎপাদন ও আর্থিক কাঠামো

প্রথমবারের মতো লোকসানে জিপিএইচ ইস্পাতের

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫   প্রিন্ট   ২৫০ বার পঠিত

প্রথমবারের মতো লোকসানে জিপিএইচ ইস্পাতের

দেশের শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদক জিপিএইচ ইস্পাত ২০২৫ অর্থবছরে তালিকাভুক্তির পর প্রথমবারের মতো বড় ধরনের লোকসানে পড়েছে। প্রতিষ্ঠানটি চলতি অর্থবছরে প্রায় ২৪.৬৮ কোটি টাকা লোকসান করেছে যা এক বছর আগের ৮৫.৬৫ কোটি টাকা মুনাফা থেকে ভয়াবহ পতন। শেয়ারপ্রতি আয় নেমে এসেছে নেতিবাচক ০.৫১ টাকা যা আগের বছরের ১.৭৭ টাকা থেকে অত্যন্ত নিম্নমানের হিসেবে বিবেচিত।

ব্যবসায়িক মন্দার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ইস্পাতের চাহিদার তীব্র পতন, উৎপাদন ব্যয় বৃদ্ধি, এবং আর্থিক খরচের লাগামহীন বৃদ্ধি। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর সরকারি ও বেসরকারি উন্নয়ন প্রকল্প স্থবির হয়ে পড়ে ফলে ইস্পাতের চাহিদা ধসে যায়। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, বহু সরকারি প্রকল্প পুনঃটেন্ডারের কারণে মাসের পর মাস কাজ বন্ধ ছিল, আর বেসরকারি খাতেও সম্প্রসারণ কার্যক্রম ৩৫-৪০ শতাংশে নেমে আসে। চাহিদা এতটাই নিম্নমুখী ছিল যে ওভারহেড খরচও আদায় করা যায়নি। উৎপাদন কমে যাওয়ায় স্থায়ী ব্যয়ের চাপ বেড়ে যায়। বিদেশি মুদ্রা সংকটের কারণে কাঁচামাল আমদানিতে বাধা তৈরি হয়, অনেক ক্ষেত্রে বেশি দামে কিনতে বাধ্য হতে হয়। এর সঙ্গে যুক্ত হয় ঋণের সুদের ভার যা ইতিমধ্যেই ঋণনির্ভর জিপিএইচ ইস্পাতের আর্থিক অবস্থাকে আরও দুর্বল করেছে। কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণ প্রায় ৩,১৬০ কোটি টাকা এবং স্বল্পমেয়াদি ঋণ ৩,১৮২ কোটি টাকা যা দেশের স্টিল খাতের মধ্যে সর্বোচ্চ ঋণঝুঁকির একটি উদাহরণ।

লোকসানের ধাক্কা আরও চাপে ফেলে কোম্পানির মূলধন সংগ্রহ পরিকল্পনাকে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ২০২৪ সালে কোম্পানির রাইট শেয়ার ও পরে প্রেফারেন্স শেয়ার ছাড়ার আবেদনও নাকচ করে দেয়। ফলে উচ্চ সুদের ঋণ পরিশোধের সুযোগ সংকুচিত হয়। বিদেশে তালিকাভুক্ত হয়ে অর্থ সংগ্রহের পরিকল্পনাও এখনও অনিশ্চিত।

অন্যদিকে প্রতিযোগীরা শক্ত অবস্থানে ছিল। বিএসআরম গ্রুপের দুই কোম্পানি বিএসআরএম স্টিলস ও বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস ২০২৫ অর্থবছরে আয় ও মুনাফায় শক্ত প্রবৃদ্ধি দেখিয়েছে এবং ৫০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। জিপিএইচ ইস্পাত সেখানে মাত্র ৫% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে যা তালিকাভুক্তির পর তাদের সর্বনিম্ন লভ্যাংশ। বিশ্লেষকেরা মনে করছেন দুর্বল আর্থিক অবস্থা, কমে যাওয়া চাহিদা, বাড়তি ব্যয় এবং ঋণের বোঝা মিলিয়ে জিপিএইচ ইস্পাতের ভবিষ্যৎ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানির সিইও মোক্তার হোসেন তালুকদার জানান, ‘কর-পূর্ব মুনাফা ইতিবাচক হলেও উৎস করের কারণে ১০০.২৭ কোটি টাকার চাপ পড়ে। রেভিনিউ ৫,৭৫২.৮৪ কোটি হওয়ায় ৩ হাজার কোটি টাকার ঋণের চাপ স্বাভাবিক এবং ভালো অপারেটিং ক্যাশ-ফ্লো থাকায় এ চাপ সামলানো সম্ভব।’ তার মতে নেগেটিভ ইপিএসের মাঝেও ৫% লভ্যাংশ শেয়ারহোল্ডারদের আস্থা ফিরিয়ে আনতে পারবে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com