|

Advertisement
×

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬   প্রিন্ট   ২৪৭ বার পঠিত

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত

দেশের প্রায় ১২ লাখ কৃষকের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ সম্পূর্ণ মওকুফ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সচিবালয়ে আয়োজিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে নেওয়া ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। এর লক্ষ্য হলো দরিদ্র ও প্রান্তিক কৃষকদের সামাজিক নিরাপত্তা জোরদার করা এবং কৃষি খাতকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো।

তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংক-এর তথ্য অনুযায়ী সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে কৃষকদের মোট পাওনা (সুদসহ) প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকা, যা এই মওকুফ কর্মসূচির আওতায় আসবে। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আনুমানিক ১২ লাখ কৃষক সরাসরি উপকার পাবেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, কৃষকরা ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিলে তার ওপর যে পরিমাণ সুদ জমেছে, আসল ও সম্পূর্ণ সুদ সবই মওকুফ করা হবে। ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা ঋণের দায় থেকে মুক্ত হয়ে নতুন উদ্যমে চাষাবাদে ফিরতে পারবেন। কিস্তির চাপ না থাকায় তারা উন্নত বীজ, আধুনিক সেচব্যবস্থা ও প্রযুক্তিতে বিনিয়োগের সুযোগ পাবেন, যা উৎপাদন বাড়াতে সহায়ক হবে। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের ক্রেডিট রেকর্ড উন্নত হবে, ফলে তারা ভবিষ্যতে ব্যাংক থেকে স্বল্পসুদে কৃষিঋণ নিতে পারবেন এবং স্থানীয় মহাজনি ঋণের উচ্চসুদের ফাঁদ থেকে রক্ষা পাবেন। এতে শস্য, মৎস্য ও পশুপালন খাতে আগ্রহ বাড়বে, জাতীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং আমদানিনির্ভরতা কমবে।

গ্রামীণ অর্থনীতির ওপর তাৎক্ষণিক প্রভাব হিসেবে তিনি উল্লেখ করেন, গ্রাম থেকে শহরমুখী অভিবাসন হ্রাস পাবে এবং গ্রামীণ মূল্যস্ফীতিও কমতে পারে।

এ প্রসঙ্গে অতীতের একটি উদাহরণ টেনে তিনি বলেন, বেগম খালেদা জিয়া সরকারের (১৯৯১-১৯৯৬) সময়ে ৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ-আসল মওকুফ করা হয়েছিল, যা কৃষকদের কষ্ট লাঘবের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

Facebook Comments Box

Posted ০৫:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com