নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৭ মে ২০২৬ প্রিন্ট ১৮৪ বার পঠিত
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের বর্তমান প্রশাসককে অপসারণ করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে এফবিসিসিআই সংস্কার পরিষদ। সংগঠনটির নেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্বাচন আয়োজন না করে বর্তমান প্রশাসক আব্দুর রহিম খান কৌশলে দায়িত্বে বহাল থাকার চেষ্টা করছেন।
রোববার রাজধানীর মতিঝিলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন সংস্কার পরিষদের আহ্বায়ক জাকির হোসেন নয়ন ও সদস্যসচিব জাকির হোসেন। এ সময় পরিষদের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, বর্তমান প্রশাসনের অধীনে ব্যবসায়ী সংগঠনগুলোর সদস্য ফি অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, সাধারণ অ্যাসোসিয়েশনগুলোর চাঁদা ৩৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা এবং চেম্বারগুলোর চাঁদা ৪০ হাজার টাকা থেকে এক লাখ টাকা করা হয়েছে, যা ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।
সংস্কার পরিষদের সদস্যসচিব জাকির হোসেন বলেন, প্রশাসক দ্রুত নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়েছেন। বরং নির্বাচন বিলম্বিত করে নতুন বিধিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তাই ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্য থেকে নতুন প্রশাসক নিয়োগ দিয়ে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়েছে।
তিনি জানান, তাদের দাবির পরিপ্রেক্ষিতে রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে প্রশাসকের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাদের দাবিগুলো নীতিগতভাবে মেনে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
জাকির হোসেনের মতে, আগামী এক সপ্তাহের মধ্যে ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্য থেকে নতুন প্রশাসক নিয়োগের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে নতুন কোনো বিধিমালায় সংশোধন বা সংযোজনের আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।
এছাড়া বাড়ানো সদস্য ফি আগের হারে ফিরিয়ে নেওয়ার বিষয়েও ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে বলে জানান তিনি। এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলেও দাবি করেন সংস্কার পরিষদের নেতারা।
তাদের স্পষ্ট বক্তব্য, ভবিষ্যতে প্রশাসন থেকে নিয়োগপ্রাপ্ত কোনো প্রশাসকের অধীনে নয়, বরং ব্যবসায়ী প্রতিনিধিদের নেতৃত্বেই এফবিসিসিআইয়ের নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।
Posted ০৭:৩০ অপরাহ্ণ | রবিবার, ১৭ মে ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com