|

Advertisement
×

আইডিআরএ’র সদস্য পদে সিরাজুল ইসলামের যোগদান

সোমবার, ১৭ আগস্ট ২০২৬   প্রিন্ট   ৩৪ বার পঠিত

আইডিআরএ’র সদস্য পদে সিরাজুল ইসলামের যোগদান

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (প্রশাসন) হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক (ইডি) ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।

রোববার (১৬ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ধারা ৫(২) অনুযায়ী মো. সিরাজুল ইসলামকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছরের জন্য আইডিআরএ’র সদস্য (প্রশাসন) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তাঁর বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকালে মো. সিরাজুল ইসলাম কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত ও আর্থিক খাতের বিষয়ে গণমাধ্যমকে তথ্য দিয়ে আসেন। এবার তিনি দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ১২ আগস্ট আইডিআরএ’র সদস্য (প্রশাসন) পদ থেকে পদত্যাগ করেন মো. ফজলুল হক। সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার তিনি তাঁর পদত্যাগপত্র অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে জমা দেন।

ফজলুল হক আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।

তৎকালীন চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করার পর সরকার ফজলুল হককে আর্থিক ক্ষমতাসহ চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দিয়েছিল।

সাবেক অতিরিক্ত সচিব ফজলুল হককে ২০২৪ সালের ডিসেম্বরে আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

ফজলুল হকের পদত্যাগের পর তাঁর স্থলাভিষিক্ত হলেন সিরাজুল ইসলাম। আইডিআরএ’র প্রশাসন বিভাগের দায়িত্বে নতুন সদস্যের যোগদান এমন সময়ে হলো, যখন বীমা খাতে অনাদায়ী দাবি পরিশোধ, দুর্বল বীমা কোম্পানির ওপর নিয়ন্ত্রণ জোরদার এবং নিয়ন্ত্রক সংস্থার সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম চলছে।

Facebook Comments Box

Posted ০৭:৫২ অপরাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com