|

Advertisement
×

আইডিআরএ পরিদর্শনে আসেননি অর্থমন্ত্রী

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   প্রিন্ট   ৭৮ বার পঠিত

আইডিআরএ পরিদর্শনে আসেননি অর্থমন্ত্রী

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয় পরিদর্শনের পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার সকাল ১১টায় আইডিআরএ পরিদর্শন, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় এবং সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ের কর্মসূচি ছিল অর্থমন্ত্রীর। এ উপলক্ষে আইডিআরএ কার্যালয়ে অপেক্ষায় ছিলেন সাংবাদিকেরা।

তবে দুপুর সোয়া ১২টার দিকে আইডিআরএর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে জানানো হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক থাকায় অর্থমন্ত্রীর দিনের সব কর্মসূচি বাতিল করা হয়েছে। ফলে আইডিআরএ পরিদর্শন ও নির্ধারিত প্রেস ব্রিফিংও অনুষ্ঠিত হচ্ছে না।

অপেক্ষমাণ সাংবাদিকদের উদ্দেশে পাঠানো এক খুদে বার্তায় আইডিআরএর গণমাধ্যম পরামর্শক ও মুখপাত্র সাইফুন্নাহার সুমি বলেন, ‘অর্থমন্ত্রী মহোদয়ের আজ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে। এ কারণে তাঁর আজকের সব কর্মসূচি বাতিল হয়েছে। ফলে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আজকের নির্ধারিত প্রেস মিটটি অনুষ্ঠিত হচ্ছে না।’

সম্প্রতি আইডিআরএর চেয়ারম্যান হিসেবে মীর নাদিয়া নিভিন নিয়োগ পাওয়ার পর অর্থমন্ত্রীর এই সফর ঘিরে বীমা খাতে আগ্রহ তৈরি হয়েছিল। নতুন নেতৃত্বে আইডিআরএর কার্যক্রম, বীমা খাতের দীর্ঘদিনের সমস্যা এবং নিয়ন্ত্রক সংস্থার সংস্কার নিয়ে মন্ত্রীর বক্তব্য জানতে আগ্রহী ছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বীমা খাতে দীর্ঘদিন ধরে গ্রাহকের দাবি পরিশোধে বিলম্ব, কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা, সুশাসনের ঘাটতি এবং নিয়ন্ত্রক ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। এমন প্রেক্ষাপটে অর্থমন্ত্রীর আইডিআরএ পরিদর্শন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছিল। তবে কর্মসূচি বাতিল হওয়ায় এসব বিষয়ে মন্ত্রীর বক্তব্য আর জানা যায়নি।

Facebook Comments Box

Posted ০৫:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com