|

Advertisement
×

এবার ভ্যাট নিবন্ধন নিচ্ছে হইচই

সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৪৯২ বার পঠিত

এবার ভ্যাট নিবন্ধন নিচ্ছে হইচই

ফেসবুক, গুগল, অ্যামাজন, মাইক্রোসফটের মতো বড় টেক জায়ান্টরা বাংলাদেশে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে ভ্যাট নিবন্ধন নিয়েছে। কাক্সিক্ষত ভ্যাটও আসছে বিশ্বখ্যাত এ সব প্রতিষ্ঠান থেকে। সর্বশেষ গত সপ্তাহে ভ্যাট নিবন্ধন নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও প্রযোজনা সংস্থা নেটফ্লিক্স। এবার আসছে ভারতের ওটিটি প্ল্যাটফম হইচই। হইচই প্রতিনিধিদের সঙ্গে এনবিআর ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের এ নিয়ে আলোচনা চলছে।
জানা যায়, শিগগিরই হইচই ব্যবসায় নিবন্ধন বা ভ্যাট নিবন্ধন নেবে। পেশাদারদের যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠান লিংকডইন এর সঙ্গেও এ বিষয়ে আলোচনা হচ্ছে।

প্রায় দুই বছরের দর-কষাকষির পর গত মে মাস থেকে অনাবাসী প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধন দেওয়া শুরু হয়। এ পর্যন্ত মোট ছয়টি অনাবাসী প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন নিয়েছে।
গত ২৩ মে গুগল প্রথম অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নেয়। এরপর আমাজন, ফেসবুকও একই পথে ভ্যাট নিবন্ধন নেয়। ফেসবুকের তিনটি সহযোগী-ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড, ফেসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল লিমিটেড ও ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেডের নামে ভ্যাট নিবন্ধন নিয়েছে।

বিশ্বের অন্যতম বড় টেক জায়ান্ট মাইক্রোসফট গত জুলাই মাসে ভ্যাট নিবন্ধন নিয়েছে। তবে এত দিন রিটার্ন দেয়নি। চার মাস সময় নিয়ে তারা গত মাসে একসঙ্গে চার মাসের ভ্যাট রিটার্ন দিয়েছে।

ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ন কবির বলেন, ‘দেশের কার্যরত সব বড় অনাবাসী কোম্পানিগুলো ভ্যাট নিবন্ধনের আওতায় চলে আসছে। এখন হইচই এর সঙ্গে আলোচনা চলছে। আশা করছি, খুব শিগগিরই তারা ভ্যাট নিবন্ধন নেবে।

তিনি বলেন, ‘এসব অনাবাসী প্রতিষ্ঠানগুলো যাতে সহজে ভ্যাট রিটার্ন ও ভ্যাটের টাকা পরিশোধ করতে পারে, সেই বিষয়টিকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। কতটা স্বচ্ছতার সঙ্গে লেনদেনের হিসাব দিচ্ছে, তা ধীরে ধীরে দেখা হবে।’

হইচই হলো ভারতের এসভিএফ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের মালিকাধীনে একটি জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর এর যাত্রা শুরু হয়। এটি বাংলার প্রথম ওভার দ্য টপ প্ল্যাটফর্ম, যা বিশ্বব্যাপী বাংলা ভাষার বিষয়বস্তুর উপর দৃষ্টি নিবদ্ধ করে।
সবচেয়ে বেশি ভ্যাট দিচ্ছে ফেসবুক

সবচেয়ে বেশি ভ্যাট দিয়েছে ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড। প্রতিষ্ঠানটি গত জুন থেকে অক্টোবর পর্যন্ত পাঁচ মাসে সাড়ে ১২ কোটি টাকা ভ্যাট দিয়েছে। গত জুলাইয়ে সর্বোচ্চ ২ কোটি ৬৪ লাখ দিয়েছে।

ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট অফিস সূত্রে জানা যায়, ফেসবুক বিভিন্ন সেবার মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি বিজ্ঞাপন প্রচার করে। তাই ফেসবুকের কাছ থেকে তুলনামূলক বেশি ভ্যাট পাওয়া গেছে। ফেসবুকের বাকি দুটি প্রতিষ্ঠান গত পাঁচ মাসে নামমাত্র দুই লাখ টাকার মতো ভ্যাট দিয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ভ্যাট দিয়েছে সিঙ্গাপুরভিত্তিক গুগল এশিয়া প্যাসিফিক লিমিটেড। এই প্রতিষ্ঠানটি গত মে মাস থেকে ভ্যাট রিটার্ন দিচ্ছে। গত ছয় মাসে ভ্যাটের পরিমাণ প্রায় ৯ কোটি টাকা। আর আমাজন ওয়েব সার্ভিস লিমিটেডের মোট ভ্যাটের পরিমাণ ২ কোটি টাকার মতো।

গুগল, আমাজন, ফেসবুকসহ অনাবাসী প্রতিষ্ঠানগুলো (যাদের এ দেশে স্থায়ী কার্যালয় নেই) এ দেশে বিজ্ঞাপন প্রচারসহ নিজেদের নানা ধরনের সেবা দিয়ে থাকে। এসব সেবা নিয়ে গ্রাহকেরা ক্রেডিট কার্ড বা অন্য কোনো উপায়ে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ পরিশোধ করে থাকেন। তখন ব্যাংক কর্তৃপক্ষ স্বয়ংক্রিয়ভাবে ১৫ শতাংশ ভ্যাট কেটে রাখে। ভ্যাট কেটে না রাখলে বাংলাদেশ ব্যাংক বিদেশে ওই প্রতিষ্ঠানের কাছে পাঠানোর অনুমতি দেয় না।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:১১ অপরাহ্ণ | সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com