নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ প্রিন্ট ২২ বার পঠিত
মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র বিশেষ জজ এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজ স্বাক্ষরিত এক আবেদনে মোতাছিম বিল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়।
আদালতের আদেশ সূত্রে জানা যায়, নগদ লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে। এ অনুসন্ধানের স্বার্থে মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়েছে সংস্থাটি।
দুদকের আবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে আশঙ্কা রয়েছে। তিনি দেশত্যাগ করলে চলমান অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত কিংবা বাধাগ্রস্ত হতে পারে। এ কারণে সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আবেদন জানানো হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নগদের পূর্ববর্তী প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে অব্যাহতি দিয়ে মো. মোতাছিম বিল্লাহকে প্রতিষ্ঠানটির প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।
Posted ০৮:০৫ অপরাহ্ণ | সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন