আবুল কাশেম
মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ প্রিন্ট ৭৭২ বার পঠিত
হাজার কোটি টাকার অধিক অর্থ আত্মসাতের অভিযোগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান এম এ খালেক ও তার ছেলে কোম্পানির সাবেক পরিচালক রুবাইয়াত খালেক এবং সাবেক বোর্ড চেয়ারম্যান মো. নজরুল ইসলাম গ্রেফতার। ঢাকা মেট্্েরাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। একই সঙ্গে গ্রেফতারকৃত কোম্পানির সাবেক দুই পরিচালক এম এ খালেক এবং রুবাইয়াত খালেককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্্েরাপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুব আহম্মেদ মামলার তদন্ত কর্মকর্তার ১৫দিনের রিমান্ডের আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে বাদীর পক্ষে রিমান্ডের আবেদনের শুনানি করেন সিনিয়র আইনজীবী ঢাকা বারের সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক।
ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের পক্ষে লিগ্যাল অফিসার মো. জসিম উদ্দিন বাদী হয়ে মঙ্গলবার উক্ত কোম্পানির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম এবং সাবেক পরিচালকসহ ১৪ জনের বিরুদ্ধে ভয়াবহ জালিয়াতি, নানা অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, বিপুল পরিমান অর্থ আত্মসাৎ এবং দুর্নীতির অভিযোগে ডিএমপি শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৫ (৯) ২০২২। পুলিশ এই মামলায় এজাহারভুক্ত আসামী সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাবেক পরিচালক এম এ খালেক এবং রুবাইয়াত খালেককে গ্রেফতারের পর আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানান। আদালত একজনকে দুই দিনের রিমান্ড এবং অপর দুইজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
মামলার এজাহারে পলাতক ১১ আসামী হলেন; এমএ খালেকের ছেলে সাবেক পরিচালক শাহরিয়ার খালেদ, খালেকের মেয়ের জামাই সাবেক পরিচালক তানভিরুল হক, খালেকের শ্যালক সাবেক পরিচালক নূর মোহাম্মদ ডিকন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক একরামুল আমিন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হোসেন, সাবেক চিফ এক্সিকিউটিভ অফিসার মো. হেমায়েত উল্লাহ, সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. আলমগীর কবির, হিসাব বিভাগের প্রধান সাবেক এ এম ডি মো. কামরুল হাসান খান, সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংকিং শাখার প্রধান শেখ আব্দুর রাজ্জাক, হেড অব ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স সাবেক জয়েন্ট এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. কামাল হোসেন হাওলাদার এবং ব্যাংকিং শাখার সাবেক ফার্স্ট অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাকবুল এলাহী।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির গ্রেফতারকৃত সাবেক চেয়ারম্যান, দুই সাবেক পরিচালক এবং পলাতক অপর ১১ আসামীর সঙ্গে আরও কতিপয় পরিচালক ও অসাধু কর্মকর্তা পরস্পর যোগসাজশে ২০১১ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ১ সেপ্টেম্বর পর্যন্ত উক্ত প্রতিষ্ঠানের বিপুল পরিমান অর্থ প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেছেন। সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও সাবেক পরিচালক এম এ খালেক প্রভাব খাঁটিয়ে অন্যান্য আসামীদের সহযোগিতায় কোম্পানির বিপুল পরিমান অর্থ তসরুপ করেছেন। তারা নিজেদের স্বার্থে বিভিন্ন কোম্পানিতে প্রতারণামূলক বিনিয়োগের নামে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন। সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও সাবেক পরিচালক এম এ খালেকের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের আরও ৭/৮ জন পরিচালক তাদেরকে সহযোগিতা করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের জমি ক্রয়, ভবন নির্মাণ,অর্থ বিনিয়োগ, গাড়ী ক্রয়- বিক্রয়, প্রিন্টিং এবং বিভিন্ন টেন্ডারসহ সবকিছু তারা একক সিদ্ধান্ত নিয়েছেন। উক্ত কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক, শেয়ার হোল্ডার পরিচালক, অডিট কমিটিসহ অন্যান্য কমিটির চেয়ারম্যান নিয়োগ নজরুল ইসলাম এবং এমএ খালেক নিয়ন্ত্রণ করতেন। এমনকি ২০০৭ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত এমএ খালেক পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ছিলেন। ২০১৩-২০১৫ সাল পর্যন্ত তিনি পরিচালক ছিলেন। পরবর্তীতে ২০১৬-২০১৭ তার ছেলে এবং মেয়ে কোম্পানির পরিচালক হন।
Posted ০৯:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com