|

Advertisement
×

যৌথ গবেষণা ও প্রশিক্ষণে ঢাকা চেম্বার-ইআরএফের সমঝোতা

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ১০ বার পঠিত

যৌথ গবেষণা ও প্রশিক্ষণে ঢাকা চেম্বার-ইআরএফের সমঝোতা

অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য বিষয়ে যৌথ গবেষণা, প্রশিক্ষণ, কর্মশালা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে সহযোগিতা বাড়াতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার মিলনায়তনে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর করেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ এবং ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা।

অনুষ্ঠানে ডিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি রাজিব এইচ চৌধুরী বলেন, স্থানীয় ও বৈশ্বিক অর্থনীতির পরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের কার্যকর উদ্যোগ গ্রহণে গণমাধ্যমের অর্থনৈতিক সংবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিসিসিআই ও ইআরএফের যৌথ উদ্যোগে প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, গবেষণা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে অর্থনৈতিক সাংবাদিকদের দক্ষতা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা বলেন, দেশের বাণিজ্য সংগঠনগুলোর মধ্যে ঢাকা চেম্বারই প্রথম, যার সঙ্গে ইআরএফ এ ধরনের সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ঢাকা চেম্বারের গবেষণা কার্যক্রম পরিচালনায় দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সুনাম রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সমঝোতার আওতায় সামগ্রিক অর্থনীতি, বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে যৌথ গবেষণার সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, যৌথ গবেষণার ফলাফল সরকারের নীতি প্রণয়ন, প্রয়োজনীয় সংস্কার এবং বেসরকারি খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে ঢাকা চেম্বারের মহাসচিব ড. এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারী, ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাসেমসহ ইআরএফের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৬:২৩ অপরাহ্ণ | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com