নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ প্রিন্ট ১৩ বার পঠিত
রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি জোরদার করতে রপ্তানি গবেষণা সেলের প্রথম সভা করেছে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হক।
সভায় বিভিন্ন খাতের ব্যবসায়ী সংগঠন ও চেম্বারের প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা রপ্তানি সম্প্রসারণ, সম্ভাবনাময় শিল্পের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের অবস্থান শক্তিশালী করার বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।
এফবিসিসিআই জানায়, রপ্তানি বহুমুখীকরণ, সম্ভাবনাময় খাতগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সম্প্রতি দেশের সব চেম্বার ও অ্যাসোসিয়েশনে রপ্তানি গবেষণা সেল গঠনের নির্দেশ দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় এফবিসিসিআইয়ে এ সেল গঠন করা হয়েছে।
সেলটি বাজার বিশ্লেষণ, নীতিনির্ধারণী পর্যায়ে সুপারিশ উপস্থাপন এবং বিভিন্ন চেম্বার ও খাতভিত্তিক ব্যবসায়ী সংগঠনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গবেষণা ও বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রণয়নে কাজ করবে।
সভায় এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক সংগঠনটির সদস্যভুক্ত সব চেম্বার ও অ্যাসোসিয়েশনকে নিজ নিজ খাতের নির্ভরযোগ্য তথ্য, উপাত্ত ও পরামর্শ দিয়ে গবেষণা সেলকে সহযোগিতা করার আহ্বান জানান। তাঁর মতে, রপ্তানি খাতের বাস্তব চিত্র ও সম্ভাবনা চিহ্নিত করতে ব্যবসায়ী সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।
এর আগে রপ্তানি গবেষণা সেলের কার্যক্রম নিয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর। পরে উন্মুক্ত আলোচনায় বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা তাঁদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।
সভায় সরাসরি ও ভার্চ্যুয়ালি অংশ নেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক, বাংলাদেশ ব্যাংক, রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। এ ছাড়া তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন (বিকেএমইএ), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), চাঁদপুর উইমেন চেম্বার, কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন, ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, অ্যালুমিনিয়াম উৎপাদনকারী সংগঠন এবং হালকা প্রকৌশল ও ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের প্রতিনিধিরা এতে অংশ নেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, রপ্তানি গবেষণা সেলের মাধ্যমে বিভিন্ন খাতের সম্ভাবনা, বাজারের চাহিদা ও বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করা সম্ভব হলে নতুন পণ্য ও বাজার সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নেওয়া সহজ হবে। বিশেষ করে এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখতে গবেষণাভিত্তিক নীতি ও পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
Posted ০৮:৪১ অপরাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com