|

Advertisement
×

রামগড় বিএনপির উদ্যোগে প্রবেশ পথের সড়ক মেরামত কাজ সম্পন্ন

শনিবার, ২১ জুন ২০২৫   প্রিন্ট   ১৫৯ বার পঠিত

রামগড় বিএনপির উদ্যোগে প্রবেশ পথের সড়ক মেরামত কাজ সম্পন্ন

খাগড়াছড়ির রামগড় শহরের প্রবেশ মুখে অবস্থিত রামগড়-ফেনী আঞ্চলিক সড়কটির দীর্ঘদিনের অবনতি দূর করতে রামগড় উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুক্রবার বিকেলে স্বেচ্ছাশ্রমে মেরামত কার্যক্রম সম্পন্ন করেছেন।

রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূইয়া ও পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে দলীয় কর্মীরা ইট ও বালু দিয়ে ক্ষতিগ্রস্ত সড়কের গর্ত পূরণ ও মেরামত কাজে অংশগ্রহণ করেন।

সরকারি সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে থাকা এই গুরুত্বপূর্ণ সড়কটিতে দীর্ঘদিন যাবৎ বড় ও ছোট গর্তের কারণে নিয়মিত দুর্ঘটনা ঘটে আসছে। স্থানীয়রা জানান, ভাঙা সড়কের কারণে পথচারী ও স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীরা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছেন।
পৌর যুবদল সভাপতি জামাল শামিম অভিযোগ করেন, সড়ক ও জনপথ বিভাগ ও পৌরসভার অবহেলার কারণে এ সড়কে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এ অবস্থায় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়ক মেরামতের কাজ করে সাধারণ জনগণের দুর্ভোগ লাঘব করার চেষ্টা করছেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূইয়া বলেন, “আমাদের প্রাণের রামগড় শহরের প্রবেশ মুখে সড়কের বেহাল দশা অত্যন্ত দুঃখজনক। জননেতা ওয়াদুদ ভূইয়ার নির্দেশে আমরা জনদুর্ভোগ লাঘবের জন্য সবসময় জনসেবায় নিয়োজিত। রামগড় পর্যটন লেকের পরিস্কার পরিচ্ছন্নতার পর এবার সড়ক মেরামত করেছি। যেখানে জনদুর্ভোগ, সেখানে বিএনপি জনগণের পাশে দাঁড়াবে।”

উল্লেখ্য, এর আগেও রামগড় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে রামগড় পর্যটন লেকসহ আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছিল, যার ধারাবাহিকতায় আজকের এই সড়ক মেরামত কার্যক্রম সম্পন্ন হলো।

Facebook Comments Box
বিষয় :

Posted ০৬:৫৭ অপরাহ্ণ | শনিবার, ২১ জুন ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com