Ad
x
পর্যটন শিল্পের উন্নয়ন ও আন্তর্জাতিক ব্র্যান্ডিংয়ে কাজের অঙ্গীকার

হানিফের নেতৃত্বে টোয়াবের নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ

রবিবার, ২৮ জুন ২০২৬   প্রিন্ট   ১৩ বার পঠিত

হানিফের নেতৃত্বে টোয়াবের নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ

দেশের পর্যটন শিল্পকে আরও গতিশীল ও আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রত্যয় নিয়ে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। শনিবার (২৮ জুন) রাজধানীর টোয়াব কার্যালয়ে আয়োজিত দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ (হ্যান্ডওভার-টেকওভার) অনুষ্ঠানের মাধ্যমে সভাপতি মোহাম্মদ হানিফের নেতৃত্বে নতুন পরিচালনা পর্ষদ দায়িত্বভার গ্রহণ করে।

অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মো. রাফেউজ্জামান নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হানিফ ও নতুন পরিচালনা পর্ষদের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় টোয়াবের সাবেক ও বর্তমান পরিচালক, সদস্য এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর মোহাম্মদ হানিফ নির্বাচনে অংশ নেওয়া সকল ভোটার ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সদস্যদের দেওয়া আস্থার প্রতিদান দিতে নতুন পরিচালনা পর্ষদ নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করবে। তিনি বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের পর্যটনের ব্র্যান্ডিং, টেকসই পর্যটন উন্নয়ন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং টোয়াবকে আরও আধুনিক ও কার্যকর সংগঠনে পরিণত করাই হবে নতুন কমিটির প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, পর্যটন খাতে নীতিগত সহায়তা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ, সদস্যদের ব্যবসায়িক সক্ষমতা উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে নতুন পরিচালনা পর্ষদ অগ্রাধিকারভিত্তিতে কাজ করবে। পাশাপাশি বিদেশি পর্যটক আকর্ষণ, আন্তর্জাতিক পর্যটন মেলা ও রোডশোতে বাংলাদেশের অংশগ্রহণ বৃদ্ধি এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি করতেও উদ্যোগ নেওয়া হবে।

বিদায়ী সভাপতি মো. রাফেউজ্জামান নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন নেতৃত্ব টোয়াবের ধারাবাহিক উন্নয়ন বজায় রেখে দেশের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, গত ১৬ জুন রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়। সদস্যদের প্রত্যক্ষ ভোটে মোহাম্মদ হানিফ সভাপতি নির্বাচিত হন। এছাড়া প্রথম সহ-সভাপতি সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ তমাল, সহ-সভাপতি (১) মো. মইনুল ইসলাম, সহ-সভাপতি (২) জিয়াউর রহমান জাকিরসহ ২০ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়। শনিবারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন।

পর্যটন খাতের সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের হাত ধরে টোয়াব দেশের পর্যটন শিল্পের উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে বিশ্বদরবারে আরও কার্যকরভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
বিষয় :

Posted ০৭:০১ অপরাহ্ণ | রবিবার, ২৮ জুন ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com