নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ প্রিন্ট ২৮ বার পঠিত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করেছে এ উদ্দেশ্যে গঠিত বাছাই (সার্চ) কমিটি। আগামী ১৩ জুলাই বিকেল ৪টার মধ্যে নির্ধারিত স্থানে আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। তবে যারা এরই মধ্যে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ আবেদন বা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন হবে না।
বৃহস্পতিবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি অধিশাখার যুগ্ম সচিব তানভীর আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৭ ধারার আওতায় গঠিত বাছাই কমিটি কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠাবে। এ লক্ষ্যে যোগ্য ও আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে।
এতে আরও বলা হয়, আবেদনকারীদের দুদক আইনের ৮(১) ধারায় বর্ণিত প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকতে হবে। একই সঙ্গে আইনের ৮(২) ধারায় অযোগ্য হিসেবে বিবেচিত কোনো ব্যক্তি চেয়ারম্যান বা কমিশনার পদে নিয়োগ পাওয়ার যোগ্য হবেন না।
জীবনবৃত্তান্তে আবেদনকারীর নাম, বাবা ও মায়ের নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, পেশা বা চাকরির বিস্তারিত তথ্য, অভিজ্ঞতার বিবরণ (মেয়াদকালসহ), মোবাইল নম্বর এবং ই-মেইল ঠিকানা উল্লেখ করে স্বাক্ষরসহ জমা দিতে হবে।
এছাড়া আবেদনপত্রের সঙ্গে সাম্প্রতিক সময়ের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতার সপক্ষে প্রয়োজনীয় সনদপত্রের অনুলিপি সংযুক্ত করতে হবে। খামের ওপর স্পষ্টভাবে ‘দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান/কমিশনার পদের জন্য জীবনবৃত্তান্ত’ লিখতে হবে।
আবেদন বাংলাদেশ সচিবালয়ের ৫ নম্বর গেটের কেন্দ্রীয় পত্র গ্রহণ কেন্দ্র অথবা মন্ত্রিপরিষদ বিভাগের ১ নম্বর (নতুন) ভবনের ৯৩৫ নম্বর কক্ষে জেলা ম্যাজিস্ট্রেসি নীতি শাখায় জমা দেওয়া যাবে। আগামী ১৩ জুলাই বিকেল ৪টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
দুদকের নতুন নেতৃত্ব বাছাইয়ের জন্য গত ২২ জুন আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সভাপতি করে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন—হাই কোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এস এম রেজভী, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোবাশ্বের মোনেম এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
বুধবার বিকেলে বাছাই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। আইন অনুযায়ী, এই কমিটির সুপারিশের ভিত্তিতেই রাষ্ট্রপতি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ করবেন।
উল্লেখ্য, গত ৩ মার্চ দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের নেতৃত্বাধীন কমিশন পদত্যাগ করার পরদিন থেকেই সংস্থাটির চেয়ারম্যান ও কমিশনারের পদ শূন্য রয়েছে। ফলে দীর্ঘদিন ধরে কমিশনের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে। নতুন অভিযোগ অনুসন্ধান, গুরুত্বপূর্ণ মামলার অনুমোদনসহ কমিশনের নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন হয়—এমন অনেক কার্যক্রম স্থবির হয়ে আছে।
দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের বিষয়ে বিভিন্ন মহলে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও সম্প্রতি বাছাই কমিটি গঠনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আইন অনুযায়ী, বাছাই কমিটির সুপারিশের পর রাষ্ট্রপতি নতুন কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগ দেবেন।
Posted ০৬:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com