|

Advertisement
×

১৪ মাস ধরে বন্ধ অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং, পুনরায় চালুর দাবি

বুধবার, ১৯ আগস্ট ২০২৬   প্রিন্ট   ২৫ বার পঠিত

১৪ মাস ধরে বন্ধ অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং, পুনরায় চালুর দাবি

অগ্রণী ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়েছেন এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তারা। দীর্ঘ ১৪ মাস ধরে কার্যক্রম বন্ধ থাকায় শত শত উদ্যোক্তা এবং হাজারো কর্মকর্তা-কর্মচারী আর্থিক ও পেশাগত অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলে দাবি করেছেন তারা। একই সঙ্গে লাখ লাখ গ্রাহক সহজ ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে।

এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তাদের পক্ষ থেকে বুধবার (১৯ আগস্ট) ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা বলেন, ২০২৫ সালের ১৯ জুন অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে কার্যকর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে এজেন্ট ব্যাংকিংয়ের সঙ্গে সরাসরি যুক্ত শত শত উদ্যোক্তা এবং হাজারো কর্মকর্তা-কর্মচারী আর্থিক ও পেশাগত অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

তাদের ভাষ্য, একটি কার্যক্রম বন্ধ হয়ে গেলে শুধু সংশ্লিষ্ট উদ্যোক্তারাই ক্ষতিগ্রস্ত হন না। এর সঙ্গে যুক্ত উদ্যোক্তার পরিবার, কর্মকর্তা-কর্মচারী এবং প্রত্যন্ত অঞ্চলের সাধারণ গ্রাহকরাও ক্ষতির মুখে পড়েন। অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বন্ধ থাকায় লাখ লাখ গ্রাহক সহজ ও হাতের নাগালের ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা প্রশ্ন তোলেন, যদি কার্যক্রমটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে ১৪ মাস ধরে এজেন্ট পয়েন্টগুলো বন্ধ করে রাখা হয়েছে কেন? এ অবস্থায় উদ্যোক্তাদের ভবিষ্যৎ কী এবং তারা কতদিন অনিশ্চয়তার মধ্যে থাকবেন- এমন প্রশ্নও তোলেন তারা।

উদ্যোক্তারা বলেন, তারা সরকারের কাছে কোনো বিশেষ সুবিধা চান না। তাদের দাবি কেবল ন্যায়সংগত সিদ্ধান্ত, দ্রুত সমাধান এবং কর্মসংস্থানের অধিকার ফিরিয়ে দেওয়া। প্রয়োজনে তারা বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে কার্যক্রম পরিচালনা করতে প্রস্তুত বলেও জানান।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানানো হয়। উদ্যোক্তারা বলেন, অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সংকটের দ্রুত ও স্থায়ী সমাধান করা প্রয়োজন। একই সঙ্গে এজেন্ট উদ্যোক্তাদের অনিশ্চয়তা দূর করে তাদের কর্মসংস্থান ও জীবিকার পথ পুনরায় খুলে দেওয়ার দাবি জানান তারা।

তাদের পক্ষ থেকে আরও বলা হয়, তারা কোনো পক্ষের বিরুদ্ধে অবস্থান নিতে চান না। তারা আন্দোলনও চান না; বরং আলোচনার মাধ্যমে ন্যায়সংগত সমাধান চান। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে প্রয়োজনীয় নিয়ম মেনে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে তারা প্রস্তুত।

উদ্যোক্তারা বলেন, তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। এখন আর অপেক্ষা না বাড়িয়ে বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে কার্যকর সিদ্ধান্ত নেওয়া জরুরি। এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পুনরায় চালু হলে একদিকে উদ্যোক্তাদের কর্মসংস্থান ও জীবিকা ফিরে আসবে, অন্যদিকে প্রত্যন্ত এলাকার গ্রাহকেরাও আবার সহজে ব্যাংকিং সেবা পাওয়ার সুযোগ পাবেন।

সংবাদ সম্মেলন থেকে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম দ্রুত পুনরায় চালু, উদ্যোক্তাদের অনিশ্চয়তা দূরীকরণ এবং ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা ও কর্মীদের ন্যায়সংগত সমাধানের জন্য জোরালো আহ্বান জানানো হয়। উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দীর্ঘদিনের সমস্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত একটি কার্যকর সিদ্ধান্ত নেবে।

Facebook Comments Box

Posted ০৮:১০ অপরাহ্ণ | বুধবার, ১৯ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com