|

Advertisement
×

সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি, যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ফাঁকির অভিযোগ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৫ বার পঠিত

সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি, যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ফাঁকির অভিযোগ

সরকারের প্রয়োজনীয় অনুমোদন ও রিফাইনিং লাইসেন্স ছাড়াই তেল পরিশোধনাগার (রিফাইনারি) নির্মাণের কাজ এগিয়ে নিচ্ছে চট্টগ্রামভিত্তিক টিকে গ্রুপের প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি। শুধু নির্মাণকাজই নয়, প্রয়োজনীয় সরকারি অনুমোদনের আগেই কারখানার জন্য বিপুল পরিমাণ যন্ত্রপাতি আমদানির অভিযোগ উঠেছে। এসব যন্ত্রপাতি আমদানিতে শত শত কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগও রয়েছে। এর মধ্যেই প্রতিষ্ঠানটি বছরে ১২ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমতি চেয়েছে।

এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির রিফাইনারি পরিচালনার অনুমোদনের বিষয়ে সুপারিশ করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। গতকাল মঙ্গলবার এ কমিটি গঠন করা হয়। আজ বুধবার কমিটির সদস্যদের রিফাইনারি পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

তবে সরকারের অনুমোদন ছাড়া রিফাইনারি স্থাপন করা যাবে না বলে ২০২৩ সালের নীতিমালায় স্পষ্ট নির্দেশনা রয়েছে। বিপিসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও জানিয়েছেন, সুপার পেট্রোকেমিক্যালের রিফাইনারি স্থাপনের প্রয়োজনীয় সরকারি অনুমোদন নেই। ফলে অনুমোদন না নিয়েই কীভাবে নির্মাণকাজ ও যন্ত্রপাতি আমদানি চলেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

উৎপাদনের অনুমোদন যাচাইয়ে বিপিসির কমিটি

বিপিসির সচিব শাহিনা সুলতানার সই করা অফিস আদেশে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিপিসির মহাব্যবস্থাপককে (বাণিজ্য ও অপারেশন)।

কমিটির অন্য সদস্যরা হলেন ইস্টার্ন রিফাইনারি পিএলসির (ইআরপিএলসি) উপমহাব্যবস্থাপক (অপারেশন), উপমহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং), জিওপিএলসির উপমহাব্যবস্থাপক (অপারেশন), এমপিপিএলসির উপমহাব্যবস্থাপক (অপারেশন) এবং ইআরপিএলসির সহকারী মহাব্যবস্থাপক (প্ল্যানিং)। বিপিসির ব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রণীত ‘বেসরকারি পর্যায়ে রিফাইনারি স্থাপন, অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুদ, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণন নীতিমালা-২০২৩’ অনুযায়ী সুপার পেট্রোকেমিক্যাল সব শর্ত পূরণ করেছে কি না, তা সরেজমিনে পরিদর্শন করতে হবে। পরিদর্শনের তিন দিনের মধ্যে বিপিসির চেয়ারম্যানের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।

৩০টির বেশি অনুমোদন প্রয়োজন, সেগুলো কি নেওয়া হয়েছে?

একটি রিফাইনারি স্থাপন ও পরিচালনার জন্য বিভিন্ন সরকারি দপ্তর থেকে ৩০টির বেশি অনুমোদন ও ছাড়পত্র প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে বিপিসি ও বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র, পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লাইসেন্স, বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লে-আউট ও নিরাপত্তা অনুমোদন।

এ ছাড়া আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের বিশেষ পারমিট, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স এবং ভ্যাট নিবন্ধনসহ বিভিন্ন অনুমোদন প্রয়োজন।

সরকারি নথিপত্র বিশ্লেষণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রয়োজনীয় অনুমোদন ও রিফাইনিং লাইসেন্স না থাকলেও সুপার পেট্রোকেমিক্যাল রিফাইনারি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।

অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই কারখানার জন্য বিপুল পরিমাণ যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানি করা হয়েছে। এসব আমদানিতে শুল্ক ফাঁকির অভিযোগও উঠেছে। যন্ত্রপাতির ঘোষণার আড়ালে অন্য পণ্য আমদানি কিংবা চোরাচালানের ঘটনা ঘটেছে কি না, তা যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না, সে প্রশ্নও তুলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, অনুমোদনহীন একটি রিফাইনারির জন্য বিপুল পরিমাণ যন্ত্রপাতি আমদানির সুযোগ তৈরি হওয়া নিয়ন্ত্রণব্যবস্থার দুর্বলতার বিষয়টি সামনে এনেছে। প্রয়োজনীয় নিরাপত্তা ও তদারকি নিশ্চিত না করে এমন একটি স্পর্শকাতর শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ ও পরিচালনার উদ্যোগ দেশের জ্বালানি নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

জ্বালানি বিভাগ ও বিপিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভাষ্য, প্রয়োজনীয় অনুমোদন না থাকলেও প্রভাবশালী মহলের তৎপরতায় প্রতিষ্ঠানটিকে অনুমোদন দেওয়ার উদ্যোগ চলছে। ফলে শর্ত পূরণের বিষয়টি যাচাইয়ের নামে অনুমোদনের পথ তৈরি করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

বছরে ১২ লাখ টন ক্রুড অয়েল আমদানির আবেদন

রিফাইনারির অনুমোদন নিয়ে বিতর্কের মধ্যেই সুপার পেট্রোকেমিক্যাল বছরে ১২ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল বা ক্রুড অয়েল আমদানির অনুমতি চেয়ে বিপিসির কাছে আবেদন করেছে। এর মধ্যে চার লাখ টন লাইট ক্রুড এবং আট লাখ টন হেভি ক্রুড আমদানির প্রস্তাব রয়েছে।

তবে আমদানির আবেদনে কনডেনসেট ও লাইট ক্রুডের সংজ্ঞা এবং গুণগত বৈশিষ্ট্য এক করে উপস্থাপনের অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞদের মতে, কনডেনসেট ও ক্রুড অয়েল এক ধরনের কাঁচামাল নয়। কনডেনসেট মূলত প্রাকৃতিক গ্যাসের সঙ্গে পাওয়া তরল উপজাত। অন্যদিকে ক্রুড অয়েল আসে তেলক্ষেত্র থেকে। উৎস, গঠন ও বৈশিষ্ট্যের দিক থেকে এ দুটির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।

গত ২৭ অক্টোবরের একটি চিঠিতে প্রতিষ্ঠানটি বিপিসির ১০ আগস্টের পত্রের সূত্র উল্লেখ করে ২০২৭ সালে সম্ভাব্য জ্বালানি সরবরাহের পরিকল্পনা তুলে ধরে। এতে বলা হয়, ওই বছর বিপিসিকে দুই লাখ ৫৬ হাজার ৫০০ টন অকটেন, এক লাখ ১৯ হাজার টন পেট্রল, চার লাখ ৬৬ হাজার ৫০০ টন ডিজেল এবং তিন লাখ ৬১ হাজার টন হাই সালফার ফার্নেস অয়েল (এইচএফও) সরবরাহের পরিকল্পনা রয়েছে।

এসব জ্বালানি উৎপাদনের জন্য চার লাখ টন লাইট ক্রুড ও আট লাখ টন হেভি ক্রুড আমদানি প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

বিভিন্ন চিঠিতে আমদানির পরিমাণ নিয়ে অসংগতি

সুপার পেট্রোকেমিক্যালের বিভিন্ন সরকারি দপ্তরে পাঠানো চিঠি পর্যালোচনায় কাঁচামাল আমদানির পরিকল্পনায় ভিন্নতা দেখা গেছে।

বিপিসির মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইন স্বাক্ষরিত গত ১০ আগস্টের চিঠিতে ২০২৭ সালে প্রতিষ্ঠানটির কাছ থেকে সম্ভাব্য জ্বালানি সরবরাহের পরিমাণ জানতে চাওয়া হয়। এর জবাবে ১২ আগস্ট প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার সাহা স্বাক্ষরিত চিঠিতে ২০২৭ সালে বিপিসিকে মোট ১২ লাখ তিন হাজার টন পরিশোধিত জ্বালানি সরবরাহের পরিকল্পনা জানানো হয়।

পরিকল্পনায় ফেব্রুয়ারি মাস বাদে বছরের বাকি ১১ মাসে প্রতি মাসে ২১ হাজার ৫০০ টন অকটেন ও ১০ হাজার টন পেট্রল সরবরাহের কথা বলা হয়। এ ছাড়া মে থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে ৫০ হাজার টন ডিজেল এবং ৪২ হাজার টন এইচএফও সরবরাহের পরিকল্পনা দেওয়া হয়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বর্তমানে নির্মাণাধীন দৈনিক ৩৫ হাজার ব্যারেল ক্ষমতার ক্রুড ডিস্টিলেশন ইউনিট (সিডিইউ) ২০২৭ সালের মার্চে চালুর পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী এপ্রিল থেকে জ্বালানি সরবরাহের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

কিন্তু এর আগে গত ১৪ জুলাই জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে পাঠানো চিঠিতে একই প্লান্টে পরিশোধনের জন্য বছরে ২০ লাখ টন সৌদি আরবের অ্যারাবিয়ান লাইট ক্রুড অথবা সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড আমদানির আগ্রহ প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি।

অর্থাৎ একই রিফাইনারির জন্য বিভিন্ন সময়ে সরকারি দপ্তরে পাঠানো চিঠিতে কাঁচামাল আমদানির পরিমাণ ও পরিকল্পনায় পার্থক্য রয়েছে। এ অসংগতি নিয়েও সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে।

বিপিসি বলছে, গভীরভাবে যাচাই করা হবে

বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘সুপার পেট্রোকেমিক্যালের ১২ লাখ টন ক্রুড অয়েল আমদানির প্রস্তাবটি আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। বর্তমানে বেসরকারি কিছু প্রতিষ্ঠান কনডেনসেট আমদানি করে অথবা দেশীয় উৎস থেকে কনডেনসেট সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত করে বিভিন্ন পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করছে। দীর্ঘদিন ধরেই এ কার্যক্রম চলে আসছে। এ ক্ষেত্রে ২০২৩ সালের নীতিমালায় আমদানি, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণের সুযোগ রয়েছে। তাই বিদ্যমান নীতিমালা, অনুমোদন এবং তাদের কার্যক্রমের আইনি ভিত্তি যাচাই করতে হবে। শুধু সাদা চোখে দেখলে হবে না, বিষয়টি গভীরভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।’

অন্যদিকে বিপিসির একজন দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তা কালের কণ্ঠকে জানিয়েছেন, সুপার পেট্রোকেমিক্যালের রিফাইনারি স্থাপনেরই অনুমোদন নেই। একই সঙ্গে প্রতিষ্ঠানটি যে কনডেনসেট পরিশোধন করে জ্বালানি তেল উৎপাদন করছে, সেটিরও অনুমোদন নেই।

এ অবস্থায় অনুমোদনহীন প্লান্টে উৎপাদন কার্যক্রম চালানোর পাশাপাশি সেখানে অপরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমতি দেওয়ার বিষয়টি ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন জ্বালানি খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। বিপিসির গঠিত কমিটির পরিদর্শন ও প্রতিবেদনেই এখন স্পষ্ট হবে, প্রতিষ্ঠানটি ২০২৩ সালের নীতিমালার শর্ত কতটা পূরণ করেছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:১১ পূর্বাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com