|

Advertisement
×

ব্যাংকিং ও ডিজিটাল সেবার বিস্তার, তবু আর্থিক সেবার বাইরে ৩৫.৫ শতাংশ মানুষ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৭ বার পঠিত

ব্যাংকিং ও ডিজিটাল সেবার বিস্তার, তবু আর্থিক সেবার বাইরে ৩৫.৫ শতাংশ মানুষ

দেশে ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা ও ক্ষুদ্রঋণ কার্যক্রমের পরিধি বাড়ছে। বাড়ছে ব্যাংক হিসাব, মোবাইল ওয়ালেট ও ডিজিটাল লেনদেনের সংখ্যাও। কিন্তু এসব অগ্রগতির সুফল এখনো পৌঁছায়নি দেশের সব মানুষের কাছে। এখনো প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৩৫ দশমিক ৫ শতাংশ আনুষ্ঠানিক আর্থিক সেবার বাইরে রয়েছেন। নারী ও পুরুষের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তির ব্যবধানও উল্লেখযোগ্য। বিভাগগুলোর মধ্যে সবচেয়ে পিছিয়ে সিলেট।

অন্যদিকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে ঋণ বিতরণ বাড়লেও নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ অত্যন্ত কম। এ খাতের মোট ঋণের মাত্র ৭ দশমিক ৫ শতাংশ পেয়েছেন নারী উদ্যোক্তারা।

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে দেশের আর্থিক অন্তর্ভুক্তির এমন চিত্র উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য বলছে, আর্থিক সেবার অবকাঠামো ও হিসাবের সংখ্যা বাড়লেও সেবার ব্যবহার, ঋণপ্রাপ্তি এবং নারী ও গ্রামীণ জনগোষ্ঠীর অংশগ্রহণে এখনো বড় ধরনের বৈষম্য রয়েছে।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শুধু ব্যাংক হিসাব খোলা কিংবা মোবাইল আর্থিক সেবার হিসাব বাড়ানোই প্রকৃত আর্থিক অন্তর্ভুক্তি নয়। এসব হিসাবের মাধ্যমে নিয়মিত লেনদেন, সঞ্চয়, বিনিয়োগ ও ঋণ পাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। বিশেষ করে নারী, ক্ষুদ্র উদ্যোক্তা ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য আনুষ্ঠানিক আর্থিক সেবা সহজলভ্য করা জরুরি।

১০০ জনে ৩৫ জন এখনো আর্থিক সেবার বাইরে

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৫ বছর বা তার বেশি বয়সী জনগোষ্ঠীর মধ্যে আর্থিক অন্তর্ভুক্তির হার ৬৪ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ প্রতি ১০০ জন প্রাপ্তবয়স্কের মধ্যে প্রায় ৩৫ জন এখনো আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় আসেননি।

ব্যাংক, মোবাইল আর্থিক সেবা, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারের অন্তত একটি প্রতিষ্ঠানে হিসাব থাকাকে আর্থিক অন্তর্ভুক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে।

নারী-পুরুষের ব্যবধান ৮.৬ শতাংশীয় পয়েন্ট

আর্থিক অন্তর্ভুক্তিতে পুরুষদের তুলনায় নারীরা পিছিয়ে রয়েছেন। প্রতিবেদনে দেখা গেছে, পুরুষদের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তির হার ৬৯ দশমিক ৫ শতাংশ। নারীদের ক্ষেত্রে এ হার ৬০ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ দুই পক্ষের মধ্যে ব্যবধান ৮ দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট।

শহর ও গ্রাম—উভয় অঞ্চলেই এ বৈষম্য রয়েছে। শহরাঞ্চলে পুরুষদের আর্থিক অন্তর্ভুক্তির হার ৭১ দশমিক ৪ শতাংশ, নারীদের ৬৩ দশমিক ৩ শতাংশ। গ্রামাঞ্চলে পুরুষদের হার ৬৮ দশমিক ৭ শতাংশ এবং নারীদের ৬০ শতাংশ।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে এগিয়ে ঢাকা। এ বিভাগে আর্থিক অন্তর্ভুক্তির হার ৬৭ দশমিক ৭ শতাংশ। চট্টগ্রামে ৬৭ শতাংশ। বিপরীতে সিলেটে এ হার মাত্র ৫৪ দশমিক ৯ শতাংশ। ঢাকা ও সিলেটের মধ্যে ব্যবধান ১২ দশমিক ৮ শতাংশীয় পয়েন্ট।

এ ছাড়া গ্রামাঞ্চলে আর্থিক অন্তর্ভুক্তির হার ৬৩ দশমিক ৬ শতাংশ। শহরাঞ্চলে এ হার ৬৬ দশমিক ৮ শতাংশ। অর্থাৎ আর্থিক সেবায় প্রবেশের সুযোগের ক্ষেত্রেও গ্রাম এখনো শহরের চেয়ে পিছিয়ে।

শিক্ষিত ও মধ্যবয়সীদের অংশগ্রহণ বেশি

শিক্ষাগত যোগ্যতার সঙ্গে আর্থিক অন্তর্ভুক্তির স্পষ্ট সম্পর্ক রয়েছে। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এমন জনগোষ্ঠীর মধ্যে আর্থিক অন্তর্ভুক্তির হার ৫৫ দশমিক ১ শতাংশ। প্রাথমিক শিক্ষায় ৬৮ দশমিক ৫ শতাংশ, মাধ্যমিকে ৬৬ দশমিক ১ শতাংশ এবং উচ্চমাধ্যমিকে ৬৪ দশমিক ৭ শতাংশ।

অন্যদিকে উচ্চশিক্ষিতদের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তির হার ৮৯ দশমিক ৬ শতাংশ।

বয়সভিত্তিক হিসাবে ১৫ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তির হার সবচেয়ে কম, ৩৮ শতাংশ। ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে এ হার ৭৬ দশমিক ৯ শতাংশ। ৩৫ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে সর্বোচ্চ ৮০ দশমিক ২ শতাংশ।

৪৫ থেকে ৫৪ বছর বয়সীদের মধ্যে এ হার ৬৮ দশমিক ৪ শতাংশ। ৫৫ থেকে ৬৪ বছর বয়সীদের ক্ষেত্রে ৫৯ দশমিক ৮ শতাংশ এবং ৬৪ বছরের বেশি বয়সীদের মধ্যে ৫৪ দশমিক ৭ শতাংশ।

ব্যাংক হিসাবে নারীরা এগোলেও ঋণে পিছিয়ে

ব্যাংকে নারীদের আমানত হিসাব বাড়লেও ঋণ পাওয়ার ক্ষেত্রে তাঁদের অংশগ্রহণ এখনো সীমিত। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে নারীদের ব্যাংক আমানত হিসাব ছিল প্রায় ৫ কোটি ৫০ লাখ। ২০২৫ সালের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৪১ লাখে। এক বছরে বৃদ্ধি ১৬ দশমিক ৫ শতাংশ।

তবে ব্যাংকের মোট ঋণ হিসাবের মাত্র ১৮ দশমিক ৬ শতাংশ নারীদের। ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে ব্যাংকে নারী ঋণগ্রহীতার হিসাব ছিল প্রায় ২৫ লাখ ১০ হাজার। আগের বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ২১ লাখ ৯০ হাজার।

ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে অবশ্য নারীদের অংশগ্রহণ অনেক বেশি। ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে এসব প্রতিষ্ঠানে নারী ঋণ হিসাবের সংখ্যা ছিল প্রায় ৩ কোটি ২০ লাখ। মোট ঋণ হিসাবের প্রায় ৯১ শতাংশই নারীদের।

অন্যদিকে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নারী ঋণ হিসাবের সংখ্যা মাত্র ১৯ হাজার ২৭৩টি। মোট ঋণ হিসাবের মধ্যে নারীদের অংশ ১৪ দশমিক ৬ শতাংশ।

মোবাইল আর্থিক সেবায় হিসাব ২৫ কোটি ছাড়াল

ডিজিটাল আর্থিক সেবার বিস্তারে সবচেয়ে বড় অগ্রগতি দেখা যাচ্ছে মোবাইল ব্যাংকিংয়ে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে দেশে মোবাইল আর্থিক সেবার হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি ২ লাখ ৪০ হাজার। আগের বছরের ডিসেম্বর শেষে এ সংখ্যা ছিল ২৩ কোটি ৮৬ লাখ ৭৬ হাজার ১৫৩। এক বছরে হিসাব বেড়েছে ৪ দশমিক ৮৪ শতাংশ।

এ খাতে নারীদের হিসাবের সংখ্যা ১০ কোটি ৫৬ লাখ ৭০ হাজার। আগের বছরের তুলনায় নারী হিসাব বেড়েছে ৬ দশমিক ৪৯ শতাংশ।

একই সময়ে এমএফএস এজেন্টের সংখ্যা ১৮ লাখ ২৮ হাজার ৮৭০ থেকে বেড়ে ২০ লাখ ৩০ হাজার ৫১৫ হয়েছে।

লেনদেনের পরিমাণেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি রয়েছে। ২০২৫ সালে মোবাইল আর্থিক সেবায় মোট লেনদেন হয়েছে ৯৫৭ কোটি ৭০ লাখ বার। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৭২৯ কোটি ১০ লাখ।

অর্থের হিসাবে ২০২৪ সালে মোবাইল আর্থিক সেবায় লেনদেন হয়েছিল ১৭ লাখ ৩৮ হাজার ৩০০ কোটি টাকা। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২১ লাখ ৮৩ হাজার ১০০ কোটি টাকায়।

এ ছাড়া মার্চেন্ট পেমেন্ট ১৫ দশমিক ৯৪ শতাংশ এবং ইউটিলিটি বিল পরিশোধ ১৬ দশমিক ৩১ শতাংশ বেড়েছে। তবে সরকারি অর্থ স্থানান্তর বা জিটুপি লেনদেন কমেছে ৫ দশমিক ৩৬ শতাংশ।

এজেন্ট ব্যাংকিংয়ের ৮৫ শতাংশ আউটলেট গ্রামে

গ্রামীণ জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে দেশে এজেন্ট ব্যাংকিং আউটলেট ছিল ২০ হাজার ৫০১টি। এর মধ্যে গ্রামাঞ্চলে ১৭ হাজার ৫২৭টি, যা মোট আউটলেটের ৮৫ দশমিক ৫ শতাংশ। শহরে রয়েছে ২ হাজার ৯৭৪টি।

এজেন্ট ব্যাংকিংয়ের মোট হিসাবের সংখ্যা ২ কোটি ৫৮ লাখ ৩২ হাজার ৯৮১টি। এর মধ্যে গ্রামাঞ্চলের হিসাব ২ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৫৩৫টি। অর্থাৎ মোট হিসাবের ৮৪ দশমিক ৬ শতাংশ গ্রামীণ জনগোষ্ঠীর।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক সবচেয়ে বড়। এসব ব্যাংকের এজেন্ট ১১ হাজার ২৩৮টি এবং আউটলেট ১৬ হাজার ১৯০টি। ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর এজেন্ট ৩ হাজার ৯৩৯টি এবং আউটলেট ৪ হাজার ১৬১টি।

তবে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর এজেন্ট ব্যাংকিং কার্যক্রমে বড় ধরনের সংকোচন দেখা গেছে। ২০২৪ সালের ডিসেম্বর শেষে এসব ব্যাংকের এজেন্ট ও আউটলেট ছিল ৭৩৬টি করে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে তা কমে ১৫০টিতে দাঁড়িয়েছে।

এক বছরে ঋণ বিতরণ বেড়েছে ২৭ শতাংশ

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মোট ঋণ বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ লাখ ৮৪ হাজার ৭৪৬ কোটি টাকা। আগের বছর এ পরিমাণ ছিল ২৬ লাখ ৫৪ হাজার ২৮৬ কোটি টাকা। এক বছরে ঋণ বিতরণ বেড়েছে ২৭ শতাংশের বেশি।

এর মধ্যে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো সর্বোচ্চ ২০ লাখ ৪৩ হাজার ১০৭ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। ইসলামী ব্যাংকগুলোর ঋণ বিতরণ ছিল ৭ লাখ ২৯ হাজার ৪৯৫ কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ বিতরণের পরিমাণ ২ লাখ ২৩ হাজার ৮৮৬ কোটি টাকা।

তবে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ বিতরণ কমেছে। ২০২৪ সালে এসব প্রতিষ্ঠানের ঋণ বিতরণের পরিমাণ ছিল ৬১ হাজার ৮৬২ কোটি টাকা। ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ৫৫ হাজার ৪৮৯ কোটি টাকায়। অর্থাৎ এক বছরে ঋণ বিতরণ কমেছে প্রায় ১১ শতাংশ।

সিএমএসএমই ঋণের মাত্র ৭.৫ শতাংশ পেয়েছেন নারীরা

দেশের কর্মসংস্থান ও ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ সিএমএসএমই খাতে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মোট ঋণ বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে ৭ লাখ ১ হাজার ৭১০ কোটি টাকা।

এর মধ্যে ক্ষুদ্র উদ্যোক্তারা পেয়েছেন ৪ লাখ ১৩ হাজার ৫২০ কোটি টাকা, যা মোট ঋণের ৫৮ দশমিক ৯ শতাংশ। মাঝারি উদ্যোক্তাদের ঋণ ১ লাখ ৭৩ হাজার ২১০ কোটি টাকা বা ২৪ দশমিক ৭ শতাংশ। মাইক্রো এন্টারপ্রাইজ পেয়েছে ৯৫ হাজার ৩৫০ কোটি টাকা বা ১৩ দশমিক ৬ শতাংশ। কুটির ও অনানুষ্ঠানিক খাতের অংশ যথাক্রমে ১ দশমিক ২ ও ১ দশমিক ৬ শতাংশ।

তবে নারী উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তির চিত্র বেশ হতাশাজনক। ২০২৫ সালে সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তাদের জন্য ঋণ বিতরণ হয়েছে ৫২ হাজার ৮৪০ কোটি টাকা। মোট ঋণের বিপরীতে তাঁদের অংশ মাত্র ৭ দশমিক ৫ শতাংশ।

খাতভিত্তিক হিসাবে নারী উদ্যোক্তাদের উৎপাদন খাতে ঋণ দেওয়া হয়েছে ২১ হাজার ৯০০ কোটি টাকা। বাণিজ্য খাতে ১৬ হাজার ২৩০ কোটি এবং সেবা খাতে ১৪ হাজার ৭১০ কোটি টাকা।

আগের বছরের তুলনায় উৎপাদন খাতে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ বেড়েছে ৩৯ দশমিক ৬ শতাংশ। তবে সেবা খাতে কমেছে ১৫ দশমিক ৩১ শতাংশ।

ক্ষুদ্রঋণের হিসাব বাড়লেও কমেছে ঋণের স্থিতি

ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সংখ্যা ২০২৪ সালের ৭০৩টি থেকে কমে ২০২৫ সালে ৬৭৭টিতে দাঁড়িয়েছে। তবে এ খাতে শাখার সংখ্যা ২৬ হাজার ৮০৬টি থেকে বেড়ে ২৭ হাজার ৭২০টি হয়েছে।

একই সময়ে মোট হিসাবের সংখ্যা ৪ কোটি ২৬ লাখ ৪৯ হাজার ৮০৬ থেকে বেড়ে ৪ কোটি ৫৯ লাখ ২০ হাজার ৯৬৮ হয়েছে। এক বছরে হিসাব বেড়েছে ৭ দশমিক ৬৭ শতাংশ।

তবে হিসাব বাড়লেও ঋণের স্থিতি কমেছে। ২০২৪ সালে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ঋণের স্থিতি ছিল ১৬ লাখ ৪৫ হাজার ২৩৬ কোটি টাকা। ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ১৬ লাখ ২৫ হাজার ৪০৭ কোটি টাকায়। অর্থাৎ এক বছরে কমেছে ১ দশমিক ২১ শতাংশ। বিপরীতে আমানত বা সঞ্চয়ের পরিমাণ সামান্য বেড়েছে।

পুঁজিবাজার ও বীমায় অংশগ্রহণও সীমিত

আর্থিক অন্তর্ভুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র পুঁজিবাজার। তবে এ খাতেও সাধারণ মানুষের অংশগ্রহণ খুব বেশি বাড়েনি। ২০২৫ সালের ডিসেম্বর শেষে দেশের পুঁজিবাজারে বিও হিসাবের সংখ্যা ছিল ১২ লাখ ৫৮ হাজার ৫৪২টি। আগের বছরের তুলনায় বৃদ্ধি মাত্র শূন্য দশমিক ৮৯ শতাংশ। এসব হিসাবের মধ্যে নারীদের অংশ ২৪ শতাংশ। মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালিত বিও হিসাবের হার মাত্র ৩ শতাংশ।

বীমা খাতে মোট পলিসির সংখ্যা ১ কোটি ৯২ লাখ। এর মধ্যে জীবনবীমা পলিসি ১ কোটি ৫১ লাখ ৩৯ হাজার ৪৫৯টি, যা মোট পলিসির ৭৯ শতাংশ। মাইক্রো ইন্স্যুরেন্স পলিসি ৩১ লাখ ৯৭ হাজার ২৯৪টি এবং নন-লাইফ বীমা পলিসি ৮ লাখ ৯০ হাজার ১৪১টি।

তবে বীমা খাতের ডিজিটাল সেবা এখনো সীমিত। ইন্টারনেটভিত্তিক বীমা সেবা ব্যবহারকারীর সংখ্যা ৮৫ হাজার ৬১৪। মোবাইল আর্থিক সেবার মাধ্যমে প্রিমিয়াম পরিশোধ করেছেন মাত্র ১৮ হাজার ৪২৭ জন।

আর্থিক সাক্ষরতায়ও পিছিয়ে নারীরা

আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর ক্ষেত্রে শুধু সেবার সুযোগ তৈরি করাই যথেষ্ট নয়, এসব সেবা ব্যবহারের জ্ঞান ও সচেতনতা বাড়ানোও জরুরি। বাংলাদেশ ব্যাংকের জরিপে দেখা গেছে, দেশে মোবাইল ফোন ব্যবহারের হার ৭৮ দশমিক ৪ শতাংশ হলেও মোবাইল ইন্টারনেট ব্যবহারের হার মাত্র ৩০ শতাংশ।

গ্রামাঞ্চলে পুরুষদের ৩৩ শতাংশ এবং নারীদের ২০ শতাংশ মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন। শহরাঞ্চলে এ হার যথাক্রমে ৪৬ ও ৩৪ শতাংশ।

আর্থিক সাক্ষরতার ক্ষেত্রেও নারী-পুরুষের মধ্যে ব্যবধান রয়েছে। সুদ ও আসলের পার্থক্য সঠিকভাবে বুঝতে পারেন ৭৭ শতাংশ পুরুষ এবং ৬৯ শতাংশ নারী। বিনিয়োগের ঝুঁকি বিভিন্ন খাতে ভাগ করে নেওয়ার ধারণা বোঝেন মাত্র ৪১ শতাংশ পুরুষ ও ৩০ শতাংশ নারী।

আর্থিক সেবা ব্যবহারে অনীহার পেছনেও বিভিন্ন কারণ রয়েছে। যারা পেমেন্ট সেবা ব্যবহার করেন না, তাঁদের ৪১ শতাংশ প্রয়োজন মনে না করা, ১৮ শতাংশ প্রয়োজনীয় কাগজপত্রের অভাব এবং ১৫ শতাংশ পর্যাপ্ত তথ্য না থাকার কথা জানিয়েছেন।

আমানত সেবা ব্যবহার না করার ক্ষেত্রে ৩২ শতাংশ প্রয়োজন মনে না করা, ২২ শতাংশ বেশি খরচ এবং ১২ শতাংশ পর্যাপ্ত তথ্যের অভাবকে কারণ হিসেবে উল্লেখ করেছেন।

ঋণ সেবা ব্যবহার না করার ক্ষেত্রে ৪৬ শতাংশ প্রয়োজন মনে না করা, ১৮ শতাংশ উচ্চ খরচ এবং ১৫ শতাংশ প্রয়োজনীয় কাগজপত্রের অভাবের কথা জানিয়েছেন। বীমা সেবা ব্যবহারের ক্ষেত্রে ৫৬ শতাংশ অর্থের অভাব এবং ৩৬ শতাংশ সেবাদাতার ওপর আস্থার অভাবকে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছেন।

আর্থিক অন্তর্ভুক্তি কৌশলের ৭৬ শতাংশ বাস্তবায়ন

জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল বাস্তবায়নে কিছু অগ্রগতিও হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, এ কৌশলের আওতায় মোট ৬৯টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এর মধ্যে ৫৩টি সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৭৬ শতাংশ। বাকি ১৬টি লক্ষ্যমাত্রা আংশিক বাস্তবায়িত হয়েছে।

তবে আর্থিক সাক্ষরতা, গ্রাহক সুরক্ষা, নারীদের আর্থিক অন্তর্ভুক্তি, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর আর্থিক সেবা এবং নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে আরও উদ্যোগ প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মোস্তফা কে মুজেরী বলেন, নারী উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে জামানত, প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যাংকিং জটিলতা কমানো জরুরি। একই সঙ্গে পিছিয়ে থাকা অঞ্চলে ব্যাংকিং সেবার বিস্তার, আর্থিক সাক্ষরতা বৃদ্ধি এবং ডিজিটাল লেনদেনে মানুষের আস্থা বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তাঁর মতে, এসব ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ না নিলে আর্থিক সেবার পরিধি বাড়লেও অর্থনীতির মূল স্রোতে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর অংশগ্রহণ প্রত্যাশিত মাত্রায় বাড়বে না।

সব মিলিয়ে বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তির চিত্রে একদিকে ডিজিটাল সেবা, ব্যাংক হিসাব ও ঋণ বিতরণের বিস্তার দেখা যাচ্ছে, অন্যদিকে রয়েছে প্রবেশাধিকার ও অংশগ্রহণের বৈষম্য। এখন বড় চ্যালেঞ্জ হলো, আর্থিক সেবার এই সম্প্রসারণকে নারী, ক্ষুদ্র উদ্যোক্তা ও প্রান্তিক জনগোষ্ঠীর বাস্তব অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে কাজে লাগানো।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৪০ অপরাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com