Ad
x

সরকারের পুঞ্জিভূত ঋণ বেড়েছে ৬২ হাজার ৮২৫ কোটি টাকা

রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪০১ বার পঠিত

সরকারের পুঞ্জিভূত ঋণ বেড়েছে ৬২ হাজার ৮২৫ কোটি টাকা

সংশোধিত বাজেট অনুযায়ী, গত ২০১৯-২০ অর্থবছরে সার্বিক রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৪৮ হাজার ৬৯ কোটি টাকা। এর বিপরীতে প্রকৃত আদায় হয়েছে ২ লাখ ২৪৮ কোটি টাকা (৫৭ দশমিক ৫৩ শতাংশ)। অর্থাৎ সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রকৃত রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৮২১ কোটি টাকা (৪২ দশমিক ৪৭ শতাংশ)।

এদিকে রাজস্ব আদায়ের এই অঙ্ক এর আগের অর্থবছর অর্থাৎ ২০১৮-১৯ অর্থবছরের তুলনায় ২০ দশমিক ৪৯ শতাংশ কম। ওই বছর সার্বিক রাজস্ব আদায়ের প্রকৃত পরিমাণ ছিল ২ লাখ ৫১ হাজার ৮৮৪ কোটি টাকা।

অতি সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ-এর এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
অর্থ বিভাগের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর আওতাধীন রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৫০০ কোটি টাকা। এর বিপরীতে প্রকৃত আদায় হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৭৭ কোটি টাকা। অর্থাৎ সমাপ্ত অর্থবছরে সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় এনবিআর-এর রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৮২৩ কোটি টাকা। রাজস্ব আদায়ের এই অঙ্ক এর পূর্ববর্তী অর্থবছর অর্থাৎ ২০১৮-১৯ অর্থবছরের তুলনায় ২৫ দশমিক ৩৫ শতাংশ কম। ওই বছর এনবিআর-এর আওতাধীন প্রকৃত রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২ লাখ ২৫ হাজার ৯৬০ কোটি টাকা।

প্রসঙ্গত করোনা জনিত প্রেক্ষাপটে গত অর্থবছরে এনবিআর-এর রাজস্ব ঘাটতি ১ লাখ ২৫ হাজার কোটি টাকা দাঁড়াতে পারে বলে ইতোপূর্বে পূর্বাভাস ব্যক্ত করেছিল বেসরকারি গবেষণা সংস্থা ‘সিপিডি’। এদিকে রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও চলতি ২০২০-২১ অর্থবছরের মূল বাজেটে সার্বিক রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআর-এর আওতাধীন রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। অর্থ বিভাগের প্রতিবেদন অনুযায়ী, রাজস্ব ঘাটতি বেড়ে যাওয়ার কারণে গত অর্থবছরে সরকারের পুঞ্জিভূত মোট অভ্যন্তরীণ ঋণ এবং নিট ঋণও বেড়েছে। ২০১৯-২০ অর্থবছর শেষে সরকারের মোট অভ্যন্তরীণ ঋণ দাঁড়িয়েছে ১৩ লাখ ২ হাজার ৬৩৪ কোটি ৭০ লাখ টাকা। এর মধ্যে পুঞ্জিভূত নিট ঋণ হচ্ছে ১ লাখ ৭৬ হাজার ১৪৮ কোটি ৬০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে এ দুই হিসাবে সরকারের ঋণ বেড়েছে যথাক্রমে ১ লাখ ৫৫ হাজার ৭৫০ কোটি টাকা (১৩.৫৮ শতাংশ) এবং ৬২ হাজার ৮২৫ কোটি ২০ লাখ টাকা (৫৫.৫১ শতাংশ)। এর আগের অর্থবছরে অর্থাৎ ২০১৮-১৯ অর্থবছর শেষে সরকারের মোট অভ্যন্তরীণ ঋণের পরিমাণ ছিল ১১ লাখ ৪৬ হাজার ৮৮৪ কোটি ৭০ লাখ টাকা এবং পুঞ্জিভূত নিট ঋণ ছিল ১ লাখ ১৩ হাজার ২৭৩ কোটি ৪০ লাখ টাকা।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০১৯-২০ অর্থবছরে মোট আমদানি ব্যয় দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৮ কোটি ডলার। এটি এর আগের অর্থবছরের তুলনায় ৮ দশমিক ৫৬ শতাংশ কম। এর বিপরীতে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩ হাজার ৩৬৭ কোটি ডলার। এটি এর আগের অর্থবছরের তুলনায় ১৬ দশমিক ৯৩ শতাংশ কম।

 

 

Facebook Comments Box

Posted ০২:৫৯ অপরাহ্ণ | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com