নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ প্রিন্ট ৪০ বার পঠিত
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি রোববার (০৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। বিশেষ করে বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বাড়ানো, দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
গভর্নর বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরে বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান। তিনি দুই দেশের বাণিজ্য সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ ও বহুমুখী করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন।
এ সময় বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। তৈরি পোশাকের পাশাপাশি ইলেকট্রনিক পণ্য, ওষুধসহ বিভিন্ন পণ্য রপ্তানির সুযোগ কাজে লাগানোর বিষয়ে মতবিনিময় করেন দুই পক্ষ। এতে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আলোচনায় উঠে আসে।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সাক্ষাৎকালে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ওয়াহিউ রিয়াদি, মিনিস্টার কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি; রবি ফিরলি হারখা, থার্ড সেক্রেটারি ও অর্থনৈতিক বিষয়ক কর্মকর্তা; এবং সাপতো রুদিয়ান্তো।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন এবং নির্বাহী পরিচালক মো. হারুন-অর-রশিদ উপস্থিত ছিলেন।
Posted ০৬:০৯ অপরাহ্ণ | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com