|

Advertisement
×

বিভিন্ন ব্যাংকে চলছে সিস্টেম উন্নয়ন, সাময়িক বন্ধ কিছু সেবা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ১৬ বার পঠিত

বিভিন্ন ব্যাংকে চলছে সিস্টেম উন্নয়ন, সাময়িক বন্ধ কিছু সেবা

প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে দেশের বিভিন্ন ব্যাংকে চলছে সিস্টেম উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ। এর অংশ হিসেবে নির্দিষ্ট সময়ের জন্য কার্ড, এটিএম ও পিওএসসহ কিছু প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ এসব সেবা বন্ধের আগে গ্রাহকদের যথাযথভাবে না জানানোয় ভোগান্তি ও অসন্তোষ তৈরি হয়েছে।

সম্প্রতি কৃষি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ন্যাশনাল ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক সিস্টেম রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত উন্নয়নের কারণে কিছু সেবা সাময়িক বন্ধ থাকার বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।

একটি ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম স্থানান্তরের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত ব্যাংকটির কয়েকটি কার্ড ও লেনদেন সেবা বন্ধ থাকবে। উন্নত ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ কার্যক্রম নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি।

নির্ধারিত সময়ে ব্যাংকটির ক্রেডিট কার্ড ও প্রিপেইড কার্ডের লেনদেন বন্ধ থাকবে। একই সময়ে কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাভুক্ত এটিএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন ও পিওএস সেবাও ব্যবহার করা যাবে না।

তবে ডেবিট কার্ডের লেনদেন স্বাভাবিক থাকবে। পাশাপাশি অন্যান্য ব্যাংকের এটিএম ও পিওএস, বাংলা কিউআর এবং বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে লেনদেন ও অর্থ স্থানান্তর চালু থাকবে। কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাভুক্ত নয়—এমন অন্যান্য ব্যাংকে অর্থ স্থানান্তরও স্বাভাবিক থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তবে অনেক গ্রাহক অভিযোগ করেছেন, সেবা বন্ধের বিষয়ে তাদের আগে থেকে যথেষ্টভাবে জানানো হয়নি।

ব্যাংকিং খাতে সিস্টেম উন্নয়ন বা নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় কিছু সেবা সাময়িক বন্ধ রাখা নতুন কোনো বিষয় নয়। প্রযুক্তিগত অবকাঠামোর ধরন ও কাজের পরিধি অনুযায়ী কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত নির্দিষ্ট সেবা সীমিত থাকতে পারে। কাজ শেষ হলে নির্ধারিত সময় অনুযায়ী সেবাগুলো আবার স্বাভাবিক হওয়ার কথা।

তবে এবার একাধিক ব্যাংকে একই সময়ে কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম স্থানান্তর এবং সংশ্লিষ্ট সেবা বন্ধ রাখার বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও অসন্তোষ প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম স্থানান্তরের কাজ চলছে। এর প্রভাবে আইটিসি তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের কিছু সেবা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজেদের উদ্যোগে নিয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে আগে থেকে জানানো হয়নি। তিনি বলেন, গ্রাহকদের সেবা বন্ধ রাখার বিষয়েও সংশ্লিষ্ট ব্যাংকগুলো আগে যথাযথভাবে বিজ্ঞপ্তি বা পূর্বঘোষণা দেয়নি। ফলে হঠাৎ করে কয়েকটি সেবা বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

আরিফ হোসেন খান জানান, বিষয়টি বাংলাদেশ ব্যাংকের গভর্নরও ভালোভাবে নেননি। গুরুত্বপূর্ণ এ ধরনের সিদ্ধান্ত ব্যাংকগুলোর পক্ষ থেকে এককভাবে নেওয়াকে তিনি গর্হিত হিসেবে দেখছেন। এ ঘটনায় গভর্নর ক্ষুব্ধ হয়েছেন বলেও জানান তিনি।

ব্যাংকিং খাতে ডিজিটাল লেনদেন দ্রুত বাড়ায় প্রযুক্তিগত অবকাঠামোর সক্ষমতা ও নিরাপত্তা জোরদার করা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কোর ব্যাংকিং ব্যবস্থা, কার্ড নেটওয়ার্ক, এটিএম ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন তাই ব্যাংকগুলোর স্বাভাবিক কার্যক্রমের অংশ। তবে এসব কাজের কারণে গ্রাহকসেবা ব্যাহত হলে তা আগেভাগে জানানো এবং বিকল্প সেবার ব্যবস্থা নিশ্চিত করাও ব্যাংকগুলোর দায়িত্ব।

Facebook Comments Box

Posted ০৮:০২ অপরাহ্ণ | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com