|

Advertisement
×
শেয়ারহোল্ডার হয়েও একাধিক পদে চাকরি ছেলে মোসাদ্দেকের

এখনো শেখ কবির পরিবারের নিয়ন্ত্রণে সোনার বাংলা ইন্স্যুরেন্স

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ১২৬ বার পঠিত

এখনো শেখ কবির পরিবারের নিয়ন্ত্রণে সোনার বাংলা ইন্স্যুরেন্স

সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেনের মৃত্যুর পরও সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডে তাঁর পরিবারের প্রভাব বজায় থাকার অভিযোগ উঠেছে। কোম্পানিটির সহযোগী প্রতিষ্ঠানে পরিবারের সদস্যদের শেয়ার মালিকানা, গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন এবং বেতন-ভাতা গ্রহণ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। একই সঙ্গে সহযোগী দুই প্রতিষ্ঠানের শেয়ার মূলধন জমা, শেয়ার মালিকানা পরিবর্তন এবং আর্থিক হিসাবেও একাধিক অসংগতি পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকটাত্মীয় শেখ কবির হোসেন সোনার বাংলা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান থাকাকালে তাঁর স্ত্রী মাসুদা কবির এবং ছেলে শেখ মোসাদ্দেক কবীর অনি প্রতিষ্ঠানটির সহযোগী কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ পদ ও শেয়ার মালিকানায় যুক্ত হন। শেখ কবির হোসেন প্রয়াত হলেও তাঁর পরিবারের সদস্যদের প্রভাব এখনো কোম্পানিটির কার্যক্রমে রয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্ট কয়েকজন।

সংশ্লিষ্টদের অভিযোগ, শেখ কবির হোসেনের স্ত্রী মাসুদা কবির সহযোগী প্রতিষ্ঠান সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্টের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর ছেলে শেখ মোসাদ্দেক কবীর অনি মূল কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সহযোগী প্রতিষ্ঠানেও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

একই ব্যক্তির একাধিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন এবং সেখান থেকে বেতন-ভাতা গ্রহণের বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, মোসাদ্দেক কবীর অনি সোনার বাংলা ইন্স্যুরেন্সে এএমডি হিসেবে মাসিক আড়াই লাখ টাকা এবং সহযোগী প্রতিষ্ঠান সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট থেকে মাসিক ৮০ হাজার টাকা বেতন-ভাতা গ্রহণ করেন। এ ছাড়া সোনার বাংলা ইন্স্যুরেন্স সিকিউরিটিজ লিমিটেডেও তাঁর ১২ শতাংশ শেয়ার মালিকানা রয়েছে।

সহযোগী প্রতিষ্ঠানের শেয়ার মালিকানায় পরিবর্তন:
সোনার বাংলা ইন্স্যুরেন্সের ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণে সহযোগী প্রতিষ্ঠান সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্টের শেয়ার মালিকানায় কয়েক দফা পরিবর্তনের চিত্র পাওয়া যায়।

২০১৮ সালের বার্ষিক প্রতিবেদনের ১২৭ পৃষ্ঠায় দেখা যায়, প্রতিষ্ঠানটির শেয়ার মালিকানায় মাসুদা কবিরের অংশ ছিল ৭ দশমিক ৮০ শতাংশ এবং শেখ কবির হোসেনের অংশ ছিল ২ শতাংশ। কিন্তু ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদনের ১৪০ ও ১৪১ পৃষ্ঠায় শুধু মাসুদা কবিরের নামে ৯ দশমিক ৮০ শতাংশ শেয়ার দেখানো হয়। ওই বছরের প্রতিবেদনে শেখ কবির হোসেনের নামে কোনো শেয়ার মালিকানার তথ্য পাওয়া যায়নি।

পরবর্তী বছর ২০২০ সালের বার্ষিক প্রতিবেদনের ১৪৬ পৃষ্ঠায় আবার মাসুদা কবিরের নামে ৭ দশমিক ৮০ শতাংশ এবং শেখ কবির হোসেনের নামে ২ শতাংশ শেয়ার দেখানো হয়।

২০২১ সালের বার্ষিক প্রতিবেদনে শেয়ার মালিকানায় যুক্ত হন শেখ মোসাদ্দেক কবীর অনি। ওই প্রতিবেদনে মাসুদা কবিরের নামে ৭ শতাংশ, শেখ কবির হোসেনের নামে ২ শতাংশ এবং শেখ মোসাদ্দেক কবীরের নামে দশমিক ৮০ শতাংশ শেয়ার দেখানো হয়েছে।

একই ব্যক্তিদের মধ্যে শেয়ার মালিকানার এই পরিবর্তনের পেছনে কী ধরনের লেনদেন বা মালিকানা হস্তান্তর হয়েছিল, তার বিস্তারিত ব্যাখ্যা প্রয়োজন। সংশ্লিষ্ট শেয়ার হস্তান্তর দলিল, পরিচালনা পর্ষদের অনুমোদন এবং অর্থ পরিশোধের নথি যাচাই করা হলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

শেয়ার মূলধন জমায় গরমিলের অভিযোগ:
সহযোগী প্রতিষ্ঠানটির শেয়ার মূলধন পরিশোধ নিয়েও প্রশ্ন রয়েছে। সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্টের ২০২০ সালের বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শেখ কবির হোসেনের ২ শতাংশ শেয়ারের বিপরীতে ৩০ হাজার ৮০০ শেয়ারের জন্য ৩০ লাখ ৮০ হাজার টাকা জমা দেখানো হয়। একই বছরে অতিরিক্ত ১৫ হাজার শেয়ারের বিপরীতে আরও ১৫ লাখ টাকা শেয়ার মানি ডিপোজিট হিসেবে দেখানো হয়।

কিন্তু ২০২১ সালের বার্ষিক প্রতিবেদনের ১৪৪ ও ১৪৫ পৃষ্ঠায় শেখ কবির হোসেনের নামে ৫০ হাজার শেয়ার দেখানো হয়েছে, যার মূল্য ৫০ লাখ টাকা। অভিযোগকারীদের হিসাব অনুযায়ী, আগে পরিশোধিত অর্থের ভিত্তিতে তাঁর শেয়ারের পরিমাণ হওয়ার কথা ৪৫ হাজার ৮০০টি। অর্থাৎ অতিরিক্ত শেয়ার বরাদ্দের বিপরীতে অর্থ জমা ও হিসাবের মধ্যে অসংগতি রয়েছে বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া শেয়ার মানি ডিপোজিট হিসেবে জমা করা অর্থ পরবর্তী সময়ে শেয়ারে রূপান্তর এবং সংশ্লিষ্ট হিসাবের যথাযথ সমন্বয় নিয়েও প্রশ্ন রয়েছে। এসব লেনদেনের ব্যাংক হিসাব, শেয়ার বরাদ্দের নথি এবং নিরীক্ষিত আর্থিক বিবরণী যাচাই করা প্রয়োজন।

সিকিউরিটিজ কোম্পানিতেও মূলধন জমায় ঘাটতি:
সোনার বাংলা ইন্স্যুরেন্সের আরেক সহযোগী প্রতিষ্ঠান সোনার বাংলা ইন্স্যুরেন্স সিকিউরিটিজ লিমিটেডের শেয়ার মূলধন পরিশোধ নিয়েও ২০২১ সালের বার্ষিক প্রতিবেদনে অসংগতির অভিযোগ রয়েছে।

প্রতিবেদনের ১৫৯ পৃষ্ঠার তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৫ কোটি টাকা। এর মধ্যে মূল কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৫২ শতাংশ শেয়ার মালিকানা রয়েছে। অর্থাৎ ২৬ লাখ শেয়ারের বিপরীতে তাদের ২ কোটি ৬০ লাখ টাকা জমা দেওয়ার কথা। কিন্তু অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট হিসাবে ৫২ লাখ টাকা কম জমা দেখানো হয়েছে।

একইভাবে বাকি ৪৮ শতাংশ শেয়ারের মালিক চার পরিচালকের প্রত্যেকের ৬০ লাখ টাকার শেয়ারের বিপরীতে ৪৮ লাখ টাকা করে জমা দেওয়ার তথ্য পাওয়া গেছে। অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে ১২ লাখ টাকা করে ঘাটতি রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এই চার পরিচালকের মধ্যে রয়েছেন শেখ মোসাদ্দেক কবীর, জাহাঙ্গীর আলামিন, রুপালী লাইফের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান মিতা এবং সাজিদ আজাদ। তাঁদের প্রত্যেকের শেয়ার মূলধন পরিশোধের হিসাবেও একই ধরনের ঘাটতির অভিযোগ উঠেছে।

নিরীক্ষকের আপত্তি ও নিয়ন্ত্রক সংস্থার প্রশ্ন:
২০২১ সালের বার্ষিক প্রতিবেদনের ৬৯ পৃষ্ঠায় নিরীক্ষা-সংক্রান্ত পর্যবেক্ষণে জি কিবরিয়া অ্যান্ড কোং এবং মালেক সিদ্দিকী ওয়ালি অ্যান্ড কোংয়ের আপত্তির উল্লেখ রয়েছে । শেয়ার মূলধন জমা, শেয়ার মালিকানা এবং সংশ্লিষ্ট আর্থিক হিসাবের বিভিন্ন বিষয়ে নিরীক্ষকের আপত্তি থাকলেও কোম্পানি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।

এ ছাড়া মূল কোম্পানি থেকে বেতন-ভাতা গ্রহণের পাশাপাশি সহযোগী প্রতিষ্ঠান থেকে অর্থ গ্রহণ, শেয়ার মানি ডিপোজিটের অর্থ শেয়ারে রূপান্তর না করা এবং সহযোগী প্রতিষ্ঠানের মূলধন পরিশোধে ঘাটতির মতো বিষয়গুলো নিয়েও প্রশ্ন উঠেছে।
এসব অনিয়মের কারণে একপর্যায়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও-সংক্রান্ত সুবিধা স্থগিত করেছিল।

সোনার বাংলান্স্যুরেন্সের মূল কোম্পানি এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আর্থিক লেনদেন, শেয়ার মালিকানা ও ব্যবস্থাপনার দায়িত্ব বণ্টনে স্বচ্ছতা না থাকলে তা বিনিয়োগকারী ও গ্রাহকদের জন্য উদ্বেগের কারণ হতে পারে। বিশেষ করে সহযোগী প্রতিষ্ঠানে মূলধন পরিশোধের ঘাটতি এবং একই ব্যক্তির একাধিক পদে দায়িত্ব পালনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:০৩ অপরাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com