|

Advertisement
×
বিআইএফএস ২০২৬ তাকাফুল ফোরাম’ অনুষ্ঠিত

ইসলামী বীমা আইন ও কেন্দ্রীয় শরিআহ বোর্ড গঠনের উদ্যোগের কথা জানালেন আইডিআরএ চেয়ারম্যান

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ২৫ বার পঠিত

ইসলামী বীমা আইন ও কেন্দ্রীয় শরিআহ বোর্ড গঠনের উদ্যোগের কথা জানালেন আইডিআরএ চেয়ারম্যান

বীমা খাতে আস্থা ফিরিয়ে আনা এবং ইসলামী বীমা বা তাকাফুল খাতকে পুনর্গঠনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বদ্ধপরিকর বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। তিনি বলেন, এ লক্ষ্যে ইসলামী বীমা আইন প্রণয়ন এবং একটি কেন্দ্রীয় শরিআহ বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর কাকরাইলের হোটেল গ্র্যান্ড প্যালেসে অনুষ্ঠিত ‘বিআইএফএস ২০২৬ তাকাফুল ফোরাম’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬’ (বিআইএফএস ২০২৬)-এর অংশ হিসেবে আইএফএ কনসালটেন্সি লিমিটেড ও এডিএল গ্রুপ যৌথভাবে এ আন্তর্জাতিক ফোরামের আয়োজন করে। ফোরামে মালয়েশিয়া, পাকিস্তান, মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত ও উজবেকিস্তানসহ দেশি-বিদেশি শরিআহ স্কলার, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, নীতিনির্ধারক, তাকাফুল অপারেটর ও বিশেষজ্ঞরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্য

আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, “বীমা খাতে আস্থা ফিরিয়ে আনতে আমরা কাজ করছি। ইসলামী বীমা বা তাকাফুল খাতকে পুনর্গঠন করতে আমরা বদ্ধপরিকর। এ লক্ষ্যে ইসলামী বীমা আইন নিয়েও আমরা উদ্যোগ নিচ্ছি। একটি কেন্দ্রীয় শরিআহ বোর্ড গঠনেরও আমাদের পরিকল্পনা আছে। পাশাপাশি প্রতিটি ইসলামী বীমা কোম্পানির শরিআহ পরিপালন আরও সুদৃঢ় করতে আমরা পরিকল্পনা করছি।”
স্বতন্ত্র আইনের দাবি উদ্বোধনী বক্তব্য ও কি-নোট উপস্থাপন করেন আইএফএ কনসালটেন্সির প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং এডিএল গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা মুফতি আব্দুল্লাহ মাসুম (সিএসএএ)। তিনি বলেন, “বাংলাদেশে ইসলামী বীমার যাত্রা শুরু হয়েছে ১৯৯৯ সালে। কিন্তু প্রায় পঁচিশ বছর পরও এই খাতের আইনি ভিত্তি পুরোপুরি তৈরি হয়নি। বিধিমালা কখনোই মূল আইনের বিকল্প হতে পারে না।”

 


তিনি স্বতন্ত্র তাকাফুল আইনের দাবির ইতিহাস তুলে ধরে জানান, বায়তুল মুকাররমের সাবেক খতীব আল্লামা উবায়দুল হক (রহ.)-এর নেতৃত্বে ২০০৩ সালে প্রথম আনুষ্ঠানিক দাবি ওঠে, ২০০৫ সালে একটি পূর্ণাঙ্গ খসড়া আইন প্রণীত হয় এবং ২০০৭ সালে তাকাফুল আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে গিয়েও আটকে যায়। ২০২১ সালে আইডিআরএ-র আনুষ্ঠানিক দায়িত্বে আইএফএ কনসালটেন্সি বিনামূল্যে একটি বিস্তারিত খসড়া বিধিমালা প্রস্তুত করে জমা দেয়। সম্প্রতি আইএফএ কনসালটেন্সি ও সেন্টার ফর ইন্টেলেকচুয়াল রিফর্ম অ্যান্ড থট (সিআইআরটি) যৌথভাবে ‘ইসলামী বীমা আইন, ২০২৬’-এর একটি পূর্ণাঙ্গ খসড়া প্রস্তুত করেছে।

মুফতি আব্দুল্লাহ মাসুম আইডিআরএ-র কাছে চারটি প্রস্তাব তুলে ধরেন: এখনই আইডিআরএ-তে একটি কেন্দ্রীয় শরিআহ অ্যাডভাইজরি বোর্ড গঠন; আইনের আগে বাংলাদেশ ব্যাংকের আদলে শরিআহ কমিটি গঠন ও পরিচালনা, তাকাফুল মডেল এবং তহবিল পৃথকীকরণ বিষয়ে লক্ষ্যভিত্তিক বিধিমালা; এবং স্বতন্ত্র তাকাফুল আইন প্রণয়নে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন। তিনি বলেন, “এ কাজে আমরা ব্যক্তিগতভাবে ও প্রাতিষ্ঠানিকভাবে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত।”

শিল্পের প্রতিশ্রুতি
বিশেষ অতিথির বক্তব্যে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সাবেক প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ বলেন, “মানুষ শরিআহসম্মত বীমা চান। খাতজুড়ে একটি অভিন্ন নিয়ম ছাড়া একটি কোম্পানির চেষ্টা যথেষ্ট নয়। পূর্ণাঙ্গ তাকাফুল কোম্পানি আর ইসলামী কার্যক্রম পরিচালনাকারী প্রচলিত কোম্পানি, দুই পক্ষের জন্যই মান একই হওয়া উচিত।”

প্যানেল আলোচনা
ফোরামের তিনটি প্যানেল আলোচনায় বাংলাদেশের তাকাফুল খাতের বাস্তব চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা হয়। বক্তারা প্রতিটি কোম্পানির জন্য শরিআহ বোর্ড অনুমোদিত সুনির্দিষ্ট তাকাফুল মডেল (ওয়াকালাহ, মুদারাবাহ বা হাইব্রিড) ঘোষণা, বহুস্তরবিশিষ্ট এজেন্ট কমিশন ব্যয় কমানো, ব্যাংকাতাকাফুল, গ্রুপ তাকাফুল ও ডিজিটাল মাধ্যমের প্রসার এবং প্রচলিত বীমার আদলে ‘পলিসি লোন’-এর পরিবর্তে আংশিক উত্তোলন (Partial Withdrawal) বা প্রকৃত কর্জে হাসানা চালুর ওপর গুরুত্ব দেন। তাকাফুল খাতের জন্য সমান কর-সুবিধা এবং সরকারি সুকুকে তাকাফুল কোম্পানির বিনিয়োগের সুযোগ সহজ করার আহ্বানও জানানো হয়।

আলোচনায় অংশ নেন মালয়েশিয়ার অ্যাসোসিয়েশন অব শরিয়াহ অ্যাডভাইজার্স ইন ইসলামিক ফাইন্যান্স (ASAS)-এর ডেপুটি সেক্রেটারি মোহাম্মদ সালিহিন দেরিস, উজবেকিস্তানের মেজন কেনগাশি এলএলসির সিইও মুজাফফর খুসনিদিনভ, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব আর. এইচ. এম. আলাওল কবির, আইএফএ কনসালটেন্সির সহ-প্রতিষ্ঠাতা ও এডিএল অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা ও সিইও ড. মুফতি ইউসুফ সুলতান, সেন্টার ফর ইসলামিক ইকোনমিকস স্টাডিজ (সিআইইএস)-এর ভাইস প্রিন্সিপাল মুফতি আহসানুল ইসলাম এবং আইএফএ কনসালটেন্সির হেড অব কনসালটেন্সি মুফতি জুবায়ের আব্দুল্লাহ প্রমুখ।

আয়োজকরা জানান, ফোরামের আলোচনা ও সুপারিশের ভিত্তিতে একটি সারসংক্ষেপ নীতিনির্ধারকদের কাছে পাঠানো হবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৯:১২ অপরাহ্ণ | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com