নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ প্রিন্ট ১১ বার পঠিত
নন-লাইফ বীমা খাতে প্রিমিয়াম আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে কিউআর কোডযুক্ত ডিজিটাল মানি রিসিট বা ই-রিসিট ব্যবহারের নির্দেশনা রয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ)। তবে এই নির্দেশনা অমান্য করে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির একটি মোটর বীমায় ম্যানুয়াল মানি রিসিট ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে আদায় করা প্রিমিয়ামের অর্থ কোম্পানির হিসাবে জমা এবং সরকারের প্রাপ্য ভ্যাট পরিশোধ হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
প্রাপ্ত নথি অনুযায়ী, ২০২৬ সালের ২৩ মে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পল্টন শাখা থেকে অমি স্টীল অ্যান্ড কররুগেশন লিমিটেডের মালিকানাধীন একটি টয়োটা জিপ গাড়ির বীমা করা হয়। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৯-১৭৮৭, মডেল ২০২৩ এবং ইঞ্জিনের সিসি ২ হাজার ৬৯৩। বীমার মেয়াদ ২০২৬ সালের ২১ মে থেকে ২০২৭ সালের ২০ মে পর্যন্ত।
ওই বীমার বিপরীতে ২৩ মে গ্রাহককে ৩৭২০০৮ নম্বরের একটি মোটর বীমা সার্টিফিকেট এবং পিটিবি-২০২৬-০৮৯ নম্বরের মানি রিসিট দেওয়া হয়। রসিদে মোট প্রিমিয়াম দেখানো হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭১২ টাকা। এর মধ্যে মূল প্রিমিয়াম ২ লাখ ৫ হাজার ৮৩৬ টাকা এবং ভ্যাট ৩০ হাজার ৮৭৬ টাকা।
নথিতে উল্লেখ রয়েছে, প্রিমিয়ামের অর্থ চেকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। চেক নম্বর ৫৪৩৫৮৮২। তবে ডিজিটাল ই-রিসিটের পরিবর্তে গ্রাহককে ম্যানুয়াল মানি রিসিট দেওয়ার বিষয়টি সামনে এসেছে।
রসিদে একটি কিউআর কোড থাকলেও সেটি যাচাই করে সংশ্লিষ্ট বীমার তথ্য আইডিআরএর তথ্যভান্ডারে পাওয়া যায়নি বলে অভিযোগকারী পক্ষ জানিয়েছে। ফলে পলিসিটি নিয়ন্ত্রক সংস্থার ইউনিফায়েড মেসেজিং প্ল্যাটফর্মের (ইউএমপি) সঙ্গে সংযুক্ত হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
ডিজিটাল রসিদ বাধ্যতামূলক:
নন-লাইফ বীমা খাতে প্রিমিয়াম আদায়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আইডিআরএ কিউআর কোডযুক্ত ডিজিটাল ই-রিসিট চালুর নির্দেশনা দিয়েছে। ইউএমপি নীতিমালা অনুযায়ী, প্রিমিয়াম আদায়ের বিপরীতে ম্যানুয়াল মানি রিসিটের পরিবর্তে ডিজিটাল রসিদ দেওয়ার ব্যবস্থা রয়েছে।
এ ব্যবস্থায় পলিসি বা কভার নোট ইস্যু এবং প্রিমিয়াম জমার তথ্য নিয়ন্ত্রক সংস্থার প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার কথা। একই সঙ্গে গ্রাহকের মোবাইল নম্বরে স্বয়ংক্রিয় নিশ্চিতকরণ বার্তা পাঠানোর ব্যবস্থাও রয়েছে। গ্রাহক আইডিআরএর পলিসিহোল্ডার পোর্টাল বা ইউএমপি পোর্টালের মাধ্যমে নিজের বীমার তথ্য যাচাই করতে পারেন।
এ ছাড়া ৫ হাজার টাকার বেশি প্রিমিয়াম ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণের নির্দেশনা রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, ডিজিটাল রসিদ ব্যবস্থার বাইরে প্রিমিয়াম আদায় করা হলে পলিসির তথ্য নিয়ন্ত্রক সংস্থার কেন্দ্রীয় তথ্যভান্ডারে অন্তর্ভুক্ত না হওয়ার ঝুঁকি থাকে। এতে প্রিমিয়াম আদায়, ভ্যাট পরিশোধ এবং কোম্পানির আর্থিক হিসাবে অর্থ জমার বিষয়টি যাচাই করা কঠিন হয়ে পড়ে।
ভ্যাট ও কোম্পানির হিসাবে অর্থ জমা নিয়ে প্রশ্ন:
অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭১২ টাকার প্রিমিয়াম। এর মধ্যে ৩০ হাজার ৮৭৬ টাকা ভ্যাট হিসেবে দেখানো হয়েছে। কিন্তু এই অর্থ যথাযথভাবে কোম্পানির ব্যাংক হিসাবে জমা হয়েছে কি না এবং সরকারের কোষাগারে ভ্যাট পরিশোধ করা হয়েছে কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
একইভাবে, কিউআর কোডের মাধ্যমে পলিসির তথ্য যাচাই না হওয়া এবং ম্যানুয়াল রসিদ ব্যবহারের বিষয়টি তদন্তের দাবি রাখে। অভিযোগকারীদের আশঙ্কা, এ ধরনের লেনদেন কোম্পানির কেন্দ্রীয় হিসাবের বাইরে থেকে গেলে প্রিমিয়াম ও ভ্যাটের অর্থের যথাযথ হিসাব নিশ্চিত করা কঠিন হতে পারে। এতে কোম্পানির আর্থিক স্বচ্ছতা এবং শেয়ারহোল্ডারদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সিইওর বক্তব্য: এ পলিসি আমাদের কোম্পানির নয়:
এ বিষয়ে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নাকিবুর রহমান খান বলেন, এই মোটর বীমাটি তাঁর কোম্পানি ইস্যু করেনি। এ ধরনের মানি রিসিট দেওয়ার প্রশ্নই আসে না।
তাঁকে সংশ্লিষ্ট মানি রিসিট ও বীমা সার্টিফিকেট দেখানো হলে তিনি বলেন, এগুলো অন্য কেউ ইস্যু করতে পারে।
এ সময় তিনি তাঁর কোম্পানির পল্টন শাখা থেকে ইস্যু করা অন্য একটি মোটর বীমার মানি রিসিট ও সার্টিফিকেট দেখান। ওই নথি অনুযায়ী, ২০২৬ সালের ২৮ এপ্রিল ইস্যু করা বীমাটির সার্টিফিকেট নম্বর ৩৭৯৬৬৭। তবে এটি আলোচ্য বীমা নয়। আলোচ্য বীমাটির সার্টিফিকেট নম্বর ৩৭২০০৮ এবং ইস্যুর তারিখ ২৩ মে ২০২৬।
ফলে একই শাখার নামে ইস্যু করা বলে উল্লেখিত দুটি পৃথক বীমা নথির সত্যতা ও ইস্যুর প্রক্রিয়া যাচাই করা জরুরি হয়ে পড়েছে।
বীমা খাতের সংশ্লিষ্টদের মতে, এ ধরনের অভিযোগের ক্ষেত্রে আইডিআরএর উচিত সংশ্লিষ্ট পলিসি নম্বর, সার্টিফিকেট, মানি রিসিট এবং কিউআর কোড যাচাই করা। পাশাপাশি চেকের অর্থ কোন ব্যাংক হিসাবে জমা হয়েছে, কোম্পানির প্রিমিয়াম রেজিস্টারে লেনদেনটি অন্তর্ভুক্ত হয়েছে কি না এবং ভ্যাটের অর্থ সরকারি কোষাগারে জমা হয়েছে কি না, তা পরীক্ষা করা প্রয়োজন।
অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কোম্পানি বা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।#
Posted ০৭:১৪ অপরাহ্ণ | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন