নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৪৫ বার পঠিত
দেশের বেসরকারি বীমা কোম্পানিগুলোর শীর্ষ সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) ২০২৭-২৮ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশন ও নির্বাচনী আপিল বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হলেও একই সঙ্গে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রস্তাবও আলোচনায় এসেছে। ফলে সংগঠনটির পরবর্তী নেতৃত্ব নির্বাচন নির্ধারিত সময়েই হবে, নাকি তা পিছিয়ে দেওয়া হবে, তা নিয়ে সদস্যদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৫ নভেম্বর অনুষ্ঠিত বিআইএর নির্বাহী কমিটির সভায় আগামী মেয়াদের নির্বাচন আয়োজনের বিষয়টি আলোচ্যসূচিতে ছিল। সভায় আগামী ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশন ও নির্বাচনী আপিল বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠনটির সভাপতি সাঈদ আহমেদ এবং দুই ভাইস প্রেসিডেন্টকে।
তবে একই সভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন পিছিয়ে দেওয়ার একটি প্রস্তাবও আলোচনায় আসে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছেন।
অন্যদিকে, সংগঠনের অধিকাংশ নির্বাহী সদস্য নির্ধারিত নিয়ম ও সময় অনুযায়ী নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছেন। তাঁদের মতে, রাজনৈতিক পরিস্থিতির অজুহাতে নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রয়োজন নেই। চলতি বছরই রিহ্যাবসহ বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফলে বিআইএর নির্বাচনও নির্ধারিত প্রক্রিয়ায় আয়োজন করা সম্ভব বলে মনে করছেন তাঁরা।
সংশ্লিষ্ট নির্বাহী সদস্যদের বক্তব্য, নির্বাচন কমিশন ও আপিল বোর্ড গঠনের সিদ্ধান্তের পর এখন নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। নির্বাচন পেছানোর প্রস্তাব এবং নির্ধারিত সময়ের মধ্যে কমিশন গঠনের সিদ্ধান্ত পাশাপাশি থাকায় সংগঠনটির পরবর্তী পদক্ষেপ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বেসরকারি বীমা কোম্পানিগুলোর স্বার্থ সংরক্ষণ, নীতিনির্ধারণী পর্যায়ে শিল্পের সমস্যা তুলে ধরা, সরকারের সঙ্গে যোগাযোগ এবং খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণে বিআইএর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে সংগঠনটির নেতৃত্ব নির্বাচন শুধু পদ-পদবি নির্ধারণের বিষয় নয়, বরং পুরো বীমা শিল্পের নীতিগত ও প্রাতিষ্ঠানিক স্বার্থের সঙ্গেও সম্পর্কিত।
নতুন নেতৃত্বের সামনে যেসব চ্যালেঞ্জ: বিআইএর আগামী নির্বাহী কমিটির নির্বাচন এমন এক সময়ে সামনে এসেছে, যখন দেশের বীমা শিল্প নানা কাঠামোগত সমস্যার মুখোমুখি। বিশেষ করে গ্রাহকের দাবি নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা, কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা, সুশাসনের ঘাটতি, দক্ষ জনবলের সংকট এবং বীমা সম্পর্কে সাধারণ মানুষের আস্থাহীনতা খাতটির অগ্রগতিতে বড় বাধা হিসেবে বিবেচিত হচ্ছে।
এ ছাড়া ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো, বীমা পণ্যের বৈচিত্র্য তৈরি, নতুন বাজার সম্প্রসারণ, গ্রাহকসেবার মান উন্নয়ন এবং লাইফ ও নন-লাইফ উভয় খাতের সক্ষমতা বৃদ্ধির বিষয়েও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
বিশেষ করে বীমা দাবি পরিশোধে অনিয়ম ও দীর্ঘসূত্রতা নিয়ে গ্রাহকদের অসন্তোষ এবং নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন বিধিনিষেধের মধ্যে কোম্পানিগুলোর ব্যবসা পরিচালনার সক্ষমতা বাড়ানো নতুন নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে।
এ পরিস্থিতিতে বিআইএর আগামী নির্বাহী কমিটি কীভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে এবং শিল্পের বিদ্যমান সমস্যাগুলো মোকাবিলায় কী ধরনের কর্মপরিকল্পনা গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন বীমা খাতের সংশ্লিষ্টরা। নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে, নাকি পিছিয়ে যাবে-এ সিদ্ধান্তের ওপর সংগঠনটির নেতৃত্ব পরিবর্তনের পাশাপাশি ২০২৫ সালে শুরু হওয়া সরাসরি ভোটের ধারাবাহিকতাও নির্ভর করছে।#
Posted ০৯:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Reporter Rasel
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন