নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৬২ বার পঠিত
যুক্তরাষ্ট্র থেকে সরকার-টু-সরকার (জিটুজি) পর্যায়ে গম আমদানিতে ব্যয় বাড়ছে। গত বছরের ডিসেম্বরে প্রতি টন গম ৩১২ দশমিক ২৫ মার্কিন ডলারে কিনেছিল সরকার। এবার একই দেশ থেকে প্রতি টন গম কেনা হচ্ছে ৩৪৭ দশমিক ৭৫ ডলারে। এ দফায় ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানির সিদ্ধান্ত হয়েছে।
অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রতি টন গমের দাম বেড়েছে ৩৫ দশমিক ৫০ ডলার বা ১১ দশমিক ৩৭ শতাংশ। ৪ লাখ ৪০ হাজার টন গমের হিসাবে শুধু এই মূল্যবৃদ্ধির কারণে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ১৯৫ কোটি টাকা।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে গত বুধবার রাতে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়। আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানায়।
খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, এবার ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে। প্রয়োজনে এর সঙ্গে আরও ১০ শতাংশ বা ৪৪ হাজার টন গম কেনার সুযোগ রাখা হয়েছে। সে ক্ষেত্রে মোট আমদানির পরিমাণ দাঁড়াতে পারে ৪ লাখ ৮৪ হাজার টনে। তবে অতিরিক্ত গম কেনা হলে একই দর প্রযোজ্য হবে কি না, তা নিশ্চিত করতে পারেননি খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েটসের অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড এ গম সরবরাহ করবে।
এর আগে গত বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্র থেকে প্রথম দফায় ২ লাখ ২০ হাজার টন গম কেনার চুক্তি হয়। তখন প্রতি টনের দাম ছিল ৩০২ দশমিক ৭৫ ডলার। দ্বিতীয় দফায় একই পরিমাণ গম কেনা হয় ৩০৮ ডলারে। পরে ডিসেম্বরে তৃতীয় দফায় আরও ২ লাখ ২০ হাজার টন গম কেনার অনুমোদন দেওয়া হয়, যার দাম নির্ধারণ করা হয়েছিল টনপ্রতি ৩১২ দশমিক ২৫ ডলার। অর্থাৎ প্রতিবারই যুক্তরাষ্ট্র থেকে গম কেনার ক্ষেত্রে দাম বেড়েছে।
এবারের ক্রয়মূল্য আগের তিন দফার তুলনায় সর্বোচ্চ। গত ডিসেম্বরে কেনা গমের তুলনায় এবার প্রতি টনে ৩৫ দশমিক ৫০ ডলার বেশি দিতে হচ্ছে। আর গত বছরের জুলাইয়ের প্রথম দফার তুলনায় দাম বেড়েছে ৪৫ ডলার বা প্রায় ১৫ শতাংশ।
তবে আন্তর্জাতিক বাজারে গমের দাম কমার তথ্যও রয়েছে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) নভেম্বর ২০২৬-এর ‘গ্রেইন: ওয়ার্ল্ড মার্কেটস অ্যান্ড ট্রেড’ প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরের তুলনায় নভেম্বরে যুক্তরাষ্ট্রের গমের রপ্তানিমূল্য টনপ্রতি ৪৮ ডলার কমে ২৯১ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে কানাডার গমের দাম টনপ্রতি ২৮ ডলার, ইউরোপীয় ইউনিয়নের ২৫ ডলার, আর্জেন্টিনার ১৬ ডলার, রাশিয়ার ১০ ডলার এবং অস্ট্রেলিয়ার ৮ ডলার কমেছে।
এ বিষয়ে খাদ্য অধিদপ্তরের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেন, বাংলাদেশের গম আমদানির ক্রয়মূল্যের সঙ্গে ইউএসডিএর প্রকাশিত দামের সরাসরি তুলনা করা যাবে না। কারণ, ইউএসডিএর তথ্যে জাহাজভাড়া ও বিমা খরচ অন্তর্ভুক্ত নেই। এ ছাড়া আমদানির সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু ব্যয় রয়েছে।
গত ডিসেম্বরে নির্ধারিত টনপ্রতি ৩১২ দশমিক ২৫ ডলারের দরকে ভিত্তি ধরলে এবার ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানিতে অতিরিক্ত ব্যয় হচ্ছে প্রায় ১ কোটি ৫৬২ লাখ ডলার। এবারের ক্রয় প্রস্তাবে উল্লেখ করা টাকার অঙ্কের ভিত্তিতে ডলারের বিনিময় হার হিসাব করলে অতিরিক্ত ব্যয়ের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৯৫ কোটি টাকা।
এর আগে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির মূল্য নিয়ে প্রশ্ন উঠলে খাদ্য মন্ত্রণালয় জানিয়েছিল, গম কেনায় কোনো অনিয়ম হয়নি বা অতিরিক্ত দাম দেওয়া হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে, সরকারি খাদ্য মজুত বাড়ানো এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরবরাহ নিশ্চিত করতে গম আমদানি প্রয়োজন। কিন্তু আন্তর্জাতিক বাজারের সঙ্গে তুলনায় সরকার বেশি দামে গম কিনছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। এ জন্য প্রতিটি ক্রয় প্রস্তাবে দাম নির্ধারণের ভিত্তি, আন্তর্জাতিক বাজারের সঙ্গে তুলনা এবং চুক্তির শর্তাবলি জনসমক্ষে প্রকাশ করা প্রয়োজন।
Posted ০৮:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন