নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৩৭ বার পঠিত
বিদেশি কর্মীদের জন্য বড় সুযোগ তৈরি করছে ইতালি। ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরে প্রায় ৫ লাখ বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে দেশটির সরকার। কৃষি, পর্যটন, শিল্প, পরিবহন ও পরিচর্যাসহ বিভিন্ন খাতে এসব কর্মী নেওয়া হবে। এ সুযোগে কাজ পেতে পারেন বাংলাদেশিরাও।
ইতালি সরকারের পরিকল্পনা অনুযায়ী, তিন বছরে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন কর্মী নেওয়া হবে।
বাংলাদেশ ইতালির অনুমোদিত কর্মী পাঠানোর দেশগুলোর তালিকায় রয়েছে। ফলে দেশটির এই নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশিদেরও অংশ নেওয়ার সুযোগ রয়েছে। তবে বাংলাদেশিদের জন্য আলাদা কোনো কোটা নির্ধারণ করা হয়নি।
ইতালিতে বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া পরিচালিত হয় ‘ফ্লো ডিক্রি’র আওতায়। এ ব্যবস্থায় দেশটির কোনো বৈধ নিয়োগকর্তা বিদেশি কর্মী নিয়োগ করতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন পোর্টালে আবেদন করতে হয়। আবেদনে কর্মী নিয়োগ ও চাকরির প্রয়োজনীয় তথ্য উল্লেখ করতে হয়।
২০২৭ সালের কর্মী নিয়োগের জন্য আবেদনপত্রের প্রাথমিক তথ্য পূরণের কার্যক্রম শুরু হয়েছে গত ২৩ অক্টোবর। এ কার্যক্রম চলবে ৭ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। তবে এ আবেদন করবেন ইতালির নিয়োগকর্তারা, বিদেশি কর্মীরা সরাসরি নয়।
নির্ধারিত দিনে নিয়োগকর্তারা চূড়ান্ত আবেদন জমা দেবেন। কৃষি খাতে মৌসুমি কাজের জন্য ১২ জানুয়ারি, পর্যটন খাতে ৯ ফেব্রুয়ারি, অন্যান্য অমৌসুমি কাজের জন্য ১৬ ফেব্রুয়ারি এবং পারিবারিক পরিচর্যার কাজে ১৮ ফেব্রুয়ারি আবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে।
নিয়োগকর্তার আবেদন অনুমোদিত হলে সংশ্লিষ্ট কর্মীকে ভিসার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্থাৎ, শুধু আবেদন করলেই ইতালি যাওয়ার সুযোগ নিশ্চিত হবে না। এর জন্য বৈধ নিয়োগকর্তার চাকরির প্রস্তাব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন থাকতে হবে।
এদিকে বাংলাদেশিদের ইতালিতে কাজের উপযোগী করে তুলতে ঢাকার বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ইতালীয় ভাষা ও বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) অর্থায়নে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
কেন্দ্রটির হোস্টেল সুপার মুহাম্মদ রুকনুজ্জামান জানান, বর্তমানে চারটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিটি বিষয়ে ২০ জন করে প্রশিক্ষণার্থী নেওয়া হচ্ছে। ইতোমধ্যে তিনটি ব্যাচের প্রশিক্ষণার্থীরা কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি ইতালীয় ভাষা শেখার প্রশিক্ষণও শেষ করেছেন।
অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, ইতালিতে কাজের সুযোগ কাজে লাগাতে হলে ভাষা শেখার পাশাপাশি সংশ্লিষ্ট পেশায় দক্ষতা অর্জন করতে হবে। একই সঙ্গে চাকরির প্রস্তাব ও নিয়োগকর্তার কাগজপত্র যাচাই করা জরুরি। দালালের মাধ্যমে প্রতারণার শিকার হওয়া এড়াতে সম্ভাব্য কর্মীদের সতর্ক থাকতে হবে।
ইতালির এ উদ্যোগে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হলেও সবার চাকরি বা ভিসা নিশ্চিত নয়। নির্ধারিত নিয়ম, যোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করেই দেশটিতে কাজের সুযোগ পেতে হবে।
Posted ০৬:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন