|

Advertisement
×

১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ব্যাহত হচ্ছে গ্রামীণ ব্যাংকের ঋণ ও গ্রাহকসেবা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ২৪ বার পঠিত

১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ব্যাহত হচ্ছে গ্রামীণ ব্যাংকের ঋণ ও গ্রাহকসেবা

দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয়। নিরাপত্তাঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ২৯টি শাখার কার্যক্রম। এতে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি গ্রাহকসেবা ও ঋণ বিতরণ ব্যাহত হচ্ছে।

বিশেষ করে বোরো মৌসুমের কৃষিঋণ এবং আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গবাদিপশু পালন ও মোটাতাজাকরণের জন্য ঋণ নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা। এ পরিস্থিতিতে কর্মকর্তা-কর্মচারী, সদস্য ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্থাপনায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও স্বাভাবিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গ্রাহকসেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে গ্রামীণ ব্যাংকের বেশ কয়েকটি শাখা ও কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রতিষ্ঠানটির দৈনন্দিন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে ধারাবাহিকভাবে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। সর্বশেষ ২৫ নভেম্বর পর্যন্ত বিভিন্ন জেলার ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় ব্যাংকের অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও ব্যাংকের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ১০ নভেম্বর থেকে ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের ব্যাপ্তি তুলে ধরে বলা হয়, প্রতিষ্ঠানটির ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। দেশের ৬৪ জেলায় ২ হাজার ৫২৮টি শাখা, ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস এবং ৪০টি জোনাল অডিট অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে ব্যাংকটি। এ ছাড়া প্রতিষ্ঠানটির নিজস্ব ৬৭৭টি ভবন ও স্থাপনা রয়েছে।

গ্রামীণ ব্যাংকের সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে বিস্তৃত ব্যাংকটির কার্যক্রম। বর্তমানে ব্যাংকটির মোট ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা। সদস্যদের আমানতের পরিমাণ প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলে প্রায় ১৫ হাজার কোটি টাকার তহবিল বিনিয়োগ রয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, শাখার কার্যক্রম বন্ধ থাকায় নিয়মিত ব্যাংকিং সেবার পাশাপাশি গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে বোরো মৌসুমের ঋণ কার্যক্রম চলমান থাকলেও যেসব শাখা সাময়িকভাবে বন্ধ রয়েছে, সেসব এলাকার গ্রাহকরা প্রয়োজনীয় কৃষিঋণ পাচ্ছেন না। একইভাবে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গবাদিপশু পালন ও মোটাতাজাকরণের জন্য ঋণ নিতে গিয়েও সমস্যায় পড়ছেন সংশ্লিষ্ট সদস্যরা।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার কার্যক্রম ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে সংঘটিত এসব ঘটনা প্রতিষ্ঠানটির সম্পদ ও স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী এবং সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করেছে। একই সঙ্গে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে গ্রামীণ অর্থনীতি, আর্থিক অন্তর্ভুক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সেবা পাওয়ার ক্ষেত্রে।

এ অবস্থায় ব্যাংকিং সেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সদস্য ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রত্যাশা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com