অনলাইন ডেস্ক
রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ প্রিন্ট ৪৫২ বার পঠিত
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিদ্যমান পরিচালনা পর্ষদ ভেঙে নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠন এবং অন্যায়ভাবে চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহালের দাবিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।
বীমা কোম্পানিটির সচেতন শেয়ারহোল্ডার, পলিসিহোল্ডার ও ক্ষতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীবৃন্দের ব্যানারে রোববার সকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের তিন সদস্যের একটি প্রতিনিধি দল। এ সময় কর্তৃপক্ষের চার সদস্যের উপস্থিতিতে চাকরিচ্যুতদের শ্রম আদালতে আপিলের পরামর্শ দেন আইডিআরএ’র চেয়াম্যান।
প্রতিনিধি দলের সদস্যরা গণমাধ্যমকে বলেন, আইডিআরএ চেয়ারম্যান মিটিং চলাকালে আমাদেরকে সেখানে ডেকে নেন। তিনি জানান, আমাদের বিষয়টি নিয়ে আইডিআরএ’র কিছু করার নেই। এসময় তিনি আমাদের সবাইকে একইসাথে শ্রম আদালতে আপিল করার পরামর্শ দেন। এই সময়ে সংস্থাটির চারজন সদস্যই উপস্থিত ছিলেন বলে জানান ডেল্টা লাইফের চাকরিচ্যুত কর্মকর্তারা।
মানববন্ধনে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা ডেল্টা লাইফের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে মূল পৃষ্ঠপোষক পরিচালকদের নিয়ে একটি নতুন নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠনের দাবি করেন। একইসাথে চাকরিচ্যুত সকল কর্মকর্তা-কর্মচারীর পরিবারের কথা বিবেচনা করে তাদের চাকরিতে পুনর্বহাল করার ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার সদয় দৃষ্টি কামনা করেন।
Posted ০৯:৪১ অপরাহ্ণ | রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com