Ad
x

খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত দুই ইউপিডিএফ সদস্য

বুধবার, ২৪ জুন ২০২৬   প্রিন্ট   ১৯ বার পঠিত

খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত দুই ইউপিডিএফ সদস্য

খাগড়াছড়িতে পৃথক দুই ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) এর দুই সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে মাটিরাঙায় সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। অন্যদিকে দীঘিনালায় সশস্ত্র হামলায় আরও একজন ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন।
বুধবার (২৪ জুন) সকালে খাগড়াছড়ির রামগড় লাগোয়া মাটিরাঙা উপজেলার তৈকাথান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোনের একটি টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে অবস্থানরত সশস্ত্র সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় ববিন ত্রিপুরা (৩২) নামে ইউপিডিএফের এক সদস্য নিহত হন। আহত অবস্থায় মংসানু মারমা ওরফে জীবন (২৯) নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, একই দিন দুপুরে দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের মুড়োপাড়া চৌমুহনী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে সুজন চাকমা (৪৮) নামে ইউপিডিএফের এক সদস্য নিহত হন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সাংগঠনিক কাজে একটি দোকানে অবস্থানকালে সশস্ত্র পোশাকধারী কয়েকজন ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।
ইউপিডিএফ এক বিবৃতিতে দীঘিনালার ঘটনার জন্য জনসংহতি সমিতি (সন্তু গ্রুপ)-কে দায়ী করেছে। একই সঙ্গে মাটিরাঙার ঘটনাতেও সংগঠনটি প্রতিবাদ জানিয়ে নিহত ববিন ত্রিপুরাকে তাদের কর্মী বলে দাবি করেছে। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)নাজির আলম গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া দীঘিনালা থানার পুলিশও হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, উভয় ঘটনার তদন্ত চলছে।

Facebook Comments Box

Posted ০৯:৫৮ অপরাহ্ণ | বুধবার, ২৪ জুন ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com