নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৮ জুন ২০২৬ প্রিন্ট ১০৫ বার পঠিত
হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি এবং বিদেশ গমনে পুলিশের নিষেধাজ্ঞার আবেদনের মুখে থাকা এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ সম্প্রতি একটি নাগরিক সংগঠনের কাছ থেকে ‘গুণীজন সম্মাননা’ গ্রহণ করেছেন। গুরুতর ফৌজদারি মামলার একজন আসামির এমন সম্মাননা গ্রহণের ঘটনায় বিভিন্ন মহলে প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।
২০২৫ সালের ২৯ মে রাজধানীর আদাবর থানায় দায়ের করা মামলা নম্বর-২৪-এর এজাহার অনুযায়ী, কিবরিয়া গোলাম মোহামাদকে ৪ নম্বর আসামি করা হয়েছে। মামলায় তাকে আওয়ামী লীগের নেতা ও অর্থ যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
বাদী মো. নাসির আহমেদের অভিযোগ, ২০২৪ সালের ১৯ জুলাই আদাবরে সরকারবিরোধী আন্দোলনের সময় তার ভাই ছাত্রদল কর্মী মিথুনকে পিটিয়ে, কুপিয়ে এবং গুলি করে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
মামলার তদন্তে বিঘ্ন ঘটার আশঙ্কা থেকে কিবরিয়া গোলাম মোহামাদের বিদেশ গমন রোধে পুলিশের পক্ষ থেকে বিশেষ শাখা (ইমিগ্রেশন) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়। আদাবর থানার উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনারের মাধ্যমে এ চিঠি পাঠান।
চিঠিতে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে উভয় আসামির বিদেশ গমন রোধ করা প্রয়োজন, কারণ তারা বিদেশে চলে গেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ন:
হানিফের নেতৃত্বে টোয়াবের নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ
চাটার্ড লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী
কিবরিয়া গোলাম মোহামাদ সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ইতালি আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ছিলেন। তার স্ত্রী হোসনে আরা বেগম সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ।
এছাড়া, তার বিরুদ্ধে আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে অর্থায়ন, নেতা-কর্মীদের সংগঠিত করা এবং রাজনৈতিক কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।
শুধু ফৌজদারি মামলাই নয়, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা নিয়েও দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তদন্তে কোম্পানিটির বিরুদ্ধে অনুমোদনহীন বীমা পরিকল্প বিক্রি, অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়, পলিসি তামাদির উচ্চহার, ক্যাশ ইন হ্যান্ডের নামে অর্থের অসঙ্গতি, একক প্রিমিয়াম বীমার অর্থ ব্যবহারে অনিয়ম এবং বিনিয়োগে বিধি লঙ্ঘনের অভিযোগ উঠে আসে।
এমন পরিস্থিতিতে হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি, যার বিরুদ্ধে বিদেশ গমন রোধে পুলিশের আবেদন রয়েছে এবং যার নেতৃত্বাধীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থার গুরুতর পর্যবেক্ষণ রয়েছে- সেই ব্যক্তি কীভাবে একটি নাগরিক সংগঠনের কাছ থেকে ‘গুণীজন সম্মাননা’ গ্রহণ করলেন, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
সুশাসন ও করপোরেট জবাবদিহি নিয়ে কাজ করা সংশ্লিষ্টদের মতে, কোনো ব্যক্তি গুরুতর ফৌজদারি মামলার আসামি হলে এবং তার বিরুদ্ধে তদন্ত চলমান থাকলে, তাকে সম্মাননা দেওয়ার আগে সংশ্লিষ্ট সংগঠনের আরও সতর্কতা অবলম্বন করা উচিত ছিল।
তবে এ বিষয়ে কিবরিয়া গোলাম মোহামাদের বক্তব্য জানা সম্ভব হয়নি। একাধিকবার তার ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তার কোনো লিখিত বা মৌখিক প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।
Posted ০৮:৫৮ অপরাহ্ণ | রবিবার, ২৮ জুন ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com