নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৮ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত গোল্ডেন সন লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেবে না। টানা দুই বছর ডিভিডেন্ড ঘোষণা না করায় কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে। আজ ৯ নভেম্বর থেকে নতুন ক্যাটাগরিতে কোম্পানিটির শেয়ার লেনদেন হবে। একই দিন থেকে শেয়ারটি কেনার ক্ষেত্রে ঋণ সুবিধাও বন্ধ হচ্ছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ কোনো ডিভিডেন্ড সুপারিশ করেনি। এদিকে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর ২০২৬ সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। কারখানা প্রাঙ্গণে হাইব্রিড পদ্ধতিতে অর্থাৎ সরাসরি উপস্থিতি ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সভাটি আয়োজন করা হবে। এজিএমে অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট রাখা হয়েছে ২৯ নভেম্বর ২০২৬।আলোচ্য অর্থবছরে কোম্পানিটির কনসোলিডেটেড শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ঋণাত্মক ৩ টাকা। আগের অর্থবছরে এই লোকসানের পরিমাণ ছিল ১ টাকা ৮৩ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে। অন্যদিকে, ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির কনসোলিডেটেড শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৭ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ১৬ টাকা ৬ পয়সা। তবে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) বেড়ে ৩৭ পয়সা হয়েছে, আগের অর্থবছরে যা ছিল ২৮ পয়সা।
ডিএসই জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২০২৪ সালের ২০ মে জারি করা নির্দেশনার (নম্বর: BSEC/CMRRCD/2009-193/77) ১(ক) অনুচ্ছেদ অনুযায়ী, টানা দুই বছর ডিভিডেন্ড ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামী ৯ নভেম্বর থেকে নতুন ক্যাটাগরিতে শেয়ারটির লেনদেন হবে।এ ছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর ১০(২) বিধি অনুযায়ী, একই তারিখ থেকে গোল্ডেন সনের শেয়ার কেনার জন্য কোনো ঋণ সুবিধা না দিতে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের অনুরোধ করা হয়েছে।
Posted ০৬:২৭ অপরাহ্ণ | রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন