নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ প্রিন্ট ১০ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় এক বছরে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ২০২৫ সালের শেষ কার্যদিবসের তুলনায় চলতি বছরের ৫ নভেম্বর পর্যন্ত শীর্ষ ১০ কোম্পানির সম্মিলিত বাজার মূলধন কমেছে প্রায় ৪ দশমিক ৫ শতাংশ। এ সময়ে তালিকায় থাকা আটটি কোম্পানি নিজেদের অবস্থান ধরে রাখলেও কয়েকটির অহবস্থানের পরিবর্তন হয়েছে। পাশাপাশি নতুন করে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে পূবালী ব্যাংক ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাজার মূলধনের ভিত্তিতে গ্রামীণফোন এখনো ডিএসইর শীর্ষ অবস্থানে রয়েছে। তবে কোম্পানিটির বাজার মূলধন ২০২৫ সালের শেষে ৩৪ হাজার ৮২৪ কোটি টাকা থেকে কমে বর্তমানে ৩০ হাজার ৬৩৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা স্কয়ার ফার্মার বাজার মূলধন ১৭ হাজার ৩০৫ কোটি টাকা থেকে বেড়ে ১৯ হাজার ৮৭৭ কোটি টাকায় উন্নীত হয়েছে। তৃতীয় অবস্থানে থাকা রবির বাজার মূলধনও ১৪ হাজার ৭৭১ কোটি টাকা থেকে বেড়ে ১৫ হাজার ৫০৪ কোটি টাকায় দাঁড়িয়েছে।
তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে ব্যাংক খাতে। ২০২৫ সালের শেষে পঞ্চম অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংক বর্তমানে চতুর্থ স্থানে উঠে এসেছে। ব্যাংকটির বাজার মূলধন ১২ হাজার ৫৩৬ কোটি টাকা থেকে বেড়ে ১৫ হাজার ২০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে, ওয়ালটন হাই-টেক পঞ্চম এবং বিএটি বাংলাদেশ ষষ্ঠ অবস্থানে নেমে এসেছে। বর্তমানে প্রতিষ্ঠান দুটির বাজার মূলধন যথাক্রমে ১১ হাজার ৯৭৮ কোটি ও ১০ হাজার ৩২৫ কোটি টাকা।
এদিকে, ২০২৫ সালের শেষে সপ্তম অবস্থানে থাকা বেক্সিমকো লিমিটেড শীর্ষ ১০-এর তালিকা থেকে ছিটকে গেছে। প্রতিষ্ঠানটির বাজার মূলধন ১০ হাজার ৩৮৫ কোটি টাকা থেকে কমে প্রায় ১ হাজার ৮৭৭ কোটি টাকায় নেমে এসেছে। ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারটির দরপতন কোম্পানিটির বাজার মূলধনে বড় ধরনের প্রভাব ফেলেছে। একইভাবে, ইউনাইটেড পাওয়ার ইলেভেনতম অবস্থানে নেমে যাওয়ায় শীর্ষ দশের তালিকা থেকে বাদ পড়েছে।
অন্যদিকে, ম্যারিকো অষ্টম অবস্থান ধরে রেখেছে। নতুন করে নবম অবস্থানে জায়গা করে নিয়েছে পূবালী ব্যাংক, যার বাজার মূলধন ৬ হাজার ৭৭৮ কোটি টাকা। দশম স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। প্রতিষ্ঠানটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ হাজার ৪৯১ কোটি টাকা।
সামগ্রিকভাবে, ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির বাজার মূলধনের এই পরিবর্তন শেয়ারবাজারে কোম্পানিভিত্তিক মূল্যায়ন ও বিনিয়োগকারীদের আগ্রহের পরিবর্তনকে তুলে ধরছে। বিশেষ করে ব্যাংক খাতের কয়েকটি প্রতিষ্ঠানের অবস্থান শক্তিশালী হওয়ার বিপরীতে কিছু বড় প্রতিষ্ঠানের বাজার মূলধন কমে যাওয়ায় তালিকার বিন্যাসে পরিবর্তন এসেছে। তবে বাজার মূলধনের পরিবর্তনকে কোম্পানির আর্থিক মৌলভিত্তির পরিবর্তনের সঙ্গে এক করে দেখার সুযোগ নেই; শেয়ারদর, শেয়ারের সংখ্যা ও বাজারের সামগ্রিক পরিস্থিতিও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Posted ০৬:৩৩ অপরাহ্ণ | রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন