শ্যামল রুদ্র, খাগড়াছড়ি প্রতিনিধি
শনিবার, ০১ আগস্ট ২০২৬ প্রিন্ট ২০ বার পঠিত
খাগড়াছড়ির রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের ভেতর থেকে একটি সেগুন গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরকারি গুরুত্বপূর্ণ এই গবেষণা প্রতিষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকা শ্রমিক ও আনসার সদস্যদের উপস্থিতির মধ্যেও কীভাবে গাছটি কাটা ও সরিয়ে নেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। গবেষণা কেন্দ্র সূত্রে জানা গেছে, সম্প্রতি কেন্দ্রের বাগান এলাকার একটি সেগুন গাছ কেটে ফেলা হয়। গত ৩১ জুলাই সকালে বিষয়টি জানাজানি হলে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার বিষয়টি নিশ্চিত হন। পরে কাটা গাছের কিছু অংশ উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্য, ঘটনার দিন সকালে বাগান এলাকা থেকে একটি গাড়িতে করে গাছ নিয়ে যেতে দেখা গেছে। তবে কারা গাছটি কেটেছে, কখন কাটা হয়েছে এবং কীভাবে নিরাপত্তাবেষ্টিত এলাকা থেকে তা বের করে নেওয়া হয়েছে—এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। কেন্দ্রের ভেতরে প্রায় ৩০ জন শ্রমিক ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। এমন নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও গাছ চুরির ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
জানা গেছে, এর আগেও ২০২৩ সালে রামগড় পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছিল। সরকারি সম্পদ রক্ষায় বারবার প্রশ্ন ওঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ব্যবস্থা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এ বিষয়ে রামগড় পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ এমদাদুল হক বলেন, তিনি বর্তমানে স্টেশনের বাইরে খাগড়াছড়ি রয়েছেন। গাছ কাটার বিষয়টি আগে জানতেন না। বিষয়টি জানার পর খোঁজখবর নেওয়া হচ্ছে। সন্দেহ ভাজন কয়েকজনের নাম পাওয়া গেছে। সরকারি গবেষণা প্রতিষ্ঠানের ভেতরে এমন ঘটনায় দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Posted ০৫:২৬ অপরাহ্ণ | শনিবার, ০১ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com